সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কর্ণফুলীতে চারজন গ্রেপ্তার

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলীতে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের এক সংগঠক এবং যুবলীগের তিন কর্মী ও নেতা রয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূর আহমদ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শেখ ইরফান (২৫), তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সংগঠক হিসেবে পরিচিত। মো. কামাল উদ্দিন (৪০) ও মো. ইসকান্দার (৪০), তাঁরা যুবলীগের সক্রিয় কর্মী। অপরজন মো. বাদশা (৩৬), তিনি চট্টগ্রাম মহানগর যুবলীগের পাঁচলাইশ ৩ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক।

পুলিশ জানায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আমিরুল ইসলামের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সোহেল রানা ও সহকারী পুলিশ কমিশনার নাফিস ইনসানের তত্ত্বাবধানে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসআই মো. শফি উল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে অংশ নেন।

গ্রেপ্তার চারজনকে কর্ণফুলী থানার ১১ নভেম্বর ২০২৬ তারিখের ১৭ নম্বর মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৬(২), ৮, ৯ ও ১০ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন