
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলীতে পৃথক অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের একজনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় এবং অপরজনকে চুরির মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১৯ নভেম্বর কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকা থেকে মো. খোরশেদ আলম (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি পেশায় চালক। ১৮ নভেম্বরের ৯৬৩ নম্বর সাধারণ ডায়েরির ভিত্তিতে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, গত ১৯ অক্টোবর কর্ণফুলী থানা এলাকায় অভিযান চালিয়ে আলা উদ্দিন (২০) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ১৭ অক্টোবর কর্ণফুলী থানায় দায়ের করা ২০ নম্বর মামলায় দণ্ডবিধির ৩৭৯ ধারায় (চুরি) অভিযোগ রয়েছে।
সিএমপির বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আমিরুল ইসলামের দিকনির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সোহেল রানা ও সহকারী পুলিশ কমিশনার নাফিস ইনসানের তত্ত্বাবধানে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালিত হয়।
অভিযানে এসআই জয়নাল আবেদীন ও এসআই মো. শফি উল্লাহ অংশ নেন। গ্রেপ্তার দুজনকে পৃথক ঘটনায় সংশ্লিষ্ট সাধারণ ডায়েরি ও মামলার ভিত্তিতে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি নূর আহমদ।









