
চট্টগ্রামে আবারও সহিংসতা, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। তিনি বলেছেন, গাড়িতে আগুন দেওয়া, মানুষ হত্যা, ককটেল হামলা কিংবা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে কোনো রাজনৈতিক দলের পক্ষে ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখা বাস্তবসম্মত নয়। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রে বিশ্বাসী মানুষ সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ। জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ষড়যন্ত্র রাজপথেই মোকাবিলা করা হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে নগরীর বড়পুল চত্বরে সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগর বিএনপির সদস্য আবুল হাশেমের সভাপতিত্বে ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সমাবেশ শেষে বড়পুল চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে আগ্রাবাদ, বড়পুল ও গোসাইলডাঙ্গাসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
নাজিমুর রহমান বলেন, গত কয়েক দিনে দেশে যেসব সন্ত্রাসী কর্মকাণ্ড ও সহিংসতার ঘটনা ঘটেছে, তাতে এসব ঘটনার সঙ্গে জড়িতদের রাজনৈতিক পরিচয় নিয়ে নতুন করে প্রশ্ন তোলার অবকাশ নেই। ফ্যাসিবাদী শক্তি আবারও রক্তপাত ও মানুষের লাশের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় ফেরার ষড়যন্ত্র করছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, দীর্ঘ সতেরো বছর ধরে দমন-পীড়ন, গুম, খুন ও নির্যাতনের মাধ্যমে মানুষের কণ্ঠরোধ করা হয়েছিল। জুলাইয়ের গণআন্দোলনে অসংখ্য মানুষের প্রাণহানির পর ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া সেই শক্তি এখন দেশের বাইরে বসে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার চেষ্টা করছে। দেশের ভেতরে গুজব ছড়িয়ে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করে এবং বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষকে উসকে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে। তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও স্বাভাবিক জনজীবন ব্যাহত করতে জ্বালাও-পোড়াও, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে, রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করে কিংবা লুটপাটের অর্থ ব্যবহার করে কোনো অপশক্তি তাদের রাজনৈতিক লক্ষ্য অর্জন করতে পারবে না। যারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তাদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের পথ পরিহার করতে হবে। অন্যথায় আইনানুগভাবে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হবে। দেশের মানুষ অতীতেও ষড়যন্ত্র প্রতিহত করেছে, এবারও ঐক্যবদ্ধভাবে যেকোনো অপচেষ্টা মোকাবিলা করবে।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে একটি স্বাভাবিক, নিরাপদ ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা করে আসছে। অতীতে গুম, খুন, ক্রসফায়ার ও রাজনৈতিক দমন-পীড়নের কারণে মানুষের মধ্যে যে ভয় ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল, ছাত্র-শিক্ষক, শ্রমিক ও জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে সেই পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। এখন দেশের মানুষের প্রত্যাশা, রাষ্ট্র পরিচালনায় আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু একটি মহল রাজনৈতিক অস্থিরতা তৈরি করে সেই প্রত্যাশাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় দ্রুত কার্যকরের দাবি জানাচ্ছি। একই সঙ্গে বর্তমান সরকারকে যেকোনো রাজনৈতিক উসকানি ও ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকতে হবে। জনগণ দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে যে রাজনৈতিক পরিবর্তন এনেছে, তা যেন কোনো অপরিণামদর্শী সিদ্ধান্ত কিংবা ষড়যন্ত্রের কারণে বাধাগ্রস্ত না হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক উত্তরাধিকার বহনকারী নেতৃবৃন্দের প্রতি জনগণের প্রত্যাশা অনেক। তাই আবেগের বশবর্তী না হয়ে ধৈর্য, বিচক্ষণতা ও রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে প্রতিটি পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শিহাবউদ্দিন মুবিন। এছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য এম এ হাশেম, এম এ সবুর ও আবু মুসা, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, সহসভাপতি এম এ গফুর বাবুল, বিএনপি নেতা ইলিয়াছ চৌধুরী, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কামাল উদ্দিন, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক খুরশিদ আলম, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আফছারুল ইসলাম, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আলমগীর আলম, ৩৬ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব শাহজাহান কোং, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা ইদ্রিস আলম, আসলাম, জহির আহমেদ, হাসান, নুরুল আজিম, মোহাম্মদ আলী, শাহাবুদ্দিন, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ফারুকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।









