
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান হওয়া সত্ত্বেও তারেক রহমান রাজনীতির পথচলা শুরু করেছিলেন একেবারে তৃণমূল থেকে। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলীতে প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে যে যাত্রা শুরু হয়েছিল, আজ তা দেশের রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে পৌঁছেছে। তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বেই বিএনপি আজ রাষ্ট্র ক্ষমতায়। তৃণমূল থেকে উঠে আসা এই ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের হাতেই আজ বাংলাদেশ নিরাপদ।
তিনি শুক্রবার (২০ নভেম্বর) বাদে জুমা নগরীর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের ছোটপুল এলাকার বায়তুল জান্নাত জামে মসজিদে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ডবলমুরিং থানা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দোয়া মাহফিলে চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ পরিচালনায় সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম জন্মদিন।
প্রধানমন্ত্রীর সংগ্রামী জীবনের কথা স্মরণ করে চসিক প্রশাসক বলেন, তারেক রহমানের রাজনৈতিক জীবন কুসুমাস্তীর্ণ ছিল না। ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি কারাবরণ ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। এরপর দীর্ঘ ১৭ বছরের বেশি সময় নির্বাসিত জীবন কাটাতে হয়েছে তাকে। কিন্তু প্রবাসে থেকেও তিনি দমে যাননি। ২০১৮ সালে দেশনেত্রী খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দলকে ঐক্যবদ্ধ রেখেছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।
ডা. শাহাদাত বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে গত বছরের ২৫ ডিসেম্বর সপরিবারে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ছিল দেশের রাজনীতির এক ঐতিহাসিক মুহূর্ত। তার দূরদর্শী নেতৃত্বেই চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। আমরা মহান আল্লাহর দরবারে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি, যাতে তিনি তার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারেন।
বক্তব্য শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা বিএনপির সাবেক সভাপতি সাবেক কাউন্সিলর মো. সেকান্দর, মহানগর বিএনপির সাবেক সদস্য হাজী আবদুল মাবুদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান রুবেল, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ জামাল উদ্দিন, বিএনপি নেতা শহীদ হোসেন, আব্দুর রব, জাহাঙ্গীর আলম বাচা, মো. সুমন, মো. মুরাদ, থানা যুবদলের সদস্য সচিব তাজুল ইসলাম সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মুসল্লিরা।









