জমিয়তুল ফালাহ মসজিদে জনগণের স্বার্থে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে: ডা. শাহাদাত হোসেন

জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্সকে ঘিরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উন্নয়ন পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এই জমিয়তুল ফালাহ মসজিদকে তাঁর প্রতিষ্ঠাকালীন পরিকল্পনা ও নকশার আলোকে একটি সুন্দর ও আধুনিক কমপ্লেক্স হিসেবে গড়ে তোলা হবে। বর্তমানে কিছু সমস্যা থাকলেও সম্মিলিত প্রচেষ্টায় সেগুলো কাটিয়ে ওঠা সম্ভব হবে।

তিনি বুধবার (২৫ নভেম্বর) সিটি কর্পোরেশন ভবনের কনফারেন্স হলে আসন্ন খতীবে বাঙ্গাল আল্লামা মুহাম্মদ জালাল উদ্দীন আল কাদেরী (রহ.) এর ওরস ও আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন। আগামী ৪ ও ৫ ডিসেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সভায় সম্মেলনের সার্বিক প্রস্তুতি, ব্যবস্থাপনা, শৃঙ্খলা ও সফল আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

চসিক প্রশাসক বলেন, মসজিদ এলাকায় মুসল্লি ও সাধারণ মানুষের চলাচলের জন্য ওয়াকওয়ে নির্মাণ করা হবে। অবৈধভাবে স্থাপনা বা প্রতিবন্ধকতা তৈরি করে উন্নয়নকাজ বাধাগ্রস্ত করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্টদের বারবার সতর্ক করা হয়েছে। প্রয়োজনে অবৈধ স্থাপনা অপসারণ করে কাজ সম্পন্ন করা হবে।

তিনি বলেন, জমিয়তুল ফালাহ মসজিদে প্রতি বছর ঈদের প্রধান জামাতসহ বহু বড় বড় ইসলামি আয়োজন হয়। এই মসজিদ যদি দৃষ্টিনন্দন না হয়, তাহলে আমাদের চট্টগ্রাম শহরের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়। কাজেই এটি শুধুই একটি ধর্মীয় বিষয় না, এটা শহরের মর্যাদারও বিষয়। আমরা মসজিদের সৌন্দর্যবর্ধনে কাজ শুরু করবো, মসজিদের জন্য মিনার নির্মাণ করব।

তিনি বলেন, মসজিদসংলগ্ন এলাকাকে অপরাধমুক্ত রাখতে সেখানে একটি পার্ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হচ্ছে। সেখানে কিশোর গ্যাংয়ের আসর বসে, গাঁজা সেবন করে, সন্ত্রাসী কার্যকলাপ হয়, এসব বন্ধ করতে চাই। পার্ক বানিয়ে সেখানে মুসল্লিরা হাঁটতে পারবে, সাধারণ মানুষও বসতে পারবে। জনগণ ও মুসল্লিদের স্বার্থই এখানে সর্বোচ্চ গুরুত্ব পাবে।

প্রশাসক বলেন, যতদিন আমি এই শহরের সেবক হিসেবে দায়িত্বে আছি, ততদিন জনস্বার্থবিরোধী কোনো কাজ হতে দেওয়া হবে না। আমরা চাই, নগরবাসী ও মুসল্লিরা মসজিদ এলাকায় সুন্দর পরিবেশে চলাচল করবেন, নামাজ আদায় করবেন এবং পরিকল্পিত পার্কে সময় কাটাবেন। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আসন্ন ৪ ও ৫ ডিসেম্বরের ওরস ও আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, সম্মেলন সফল করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। এ ধরনের আয়োজন সম্মিলিত প্রচেষ্টায় সুন্দরভাবে সম্পন্ন করতে হবে। সংশ্লিষ্ট সবাইকে দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।

আগামী ৫ ডিসেম্বর ২৫তম আন্তর্জাতিক কেরাত সম্মেলনে মিশর, তুরস্ক, ইরাক, ইরান, আফগানিস্তান ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারিরা পবিত্র কোরআন থেকে মনোমুগ্ধকর তেলাওয়াত পরিবেশন করবেন। সম্মেলন বিকেল ৪টায় শুরু হয়ে এশার নামাজের পর রাত ৯টা পর্যন্ত চলবে।

পর্ষদের প্রধান সমন্বয়কারী ও পিএইচপি ফ্যামিলির পরিচালক আলহাজ্ব আলী হোসেন সোহাগের সভাপতিত্বে ও পর্ষদের সেক্রেটারি জেনারেল প্রফেসর কামাল উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, মুসল্লী পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব খোরশেদুর রহমান, সহ সভাপতি এম এ হামিদ, সংগঠনের সদস্য আলহাজ্ব আনোয়ারুল হক, সিরাজুল মোস্তফা, মো. সাইফুদ্দিন, প্রফেসর ড. জাফরুল্লাহ, দিলশাদ আহমেদ, সালামত উল্লাহ, মাহবুবুল আলম, মনসুর শিকদার প্রমুখ।

মন্তব্য করুন