ফিস্টুলায় আক্রান্তদের দ্রুত শনাক্ত করে চিকিৎসা নিশ্চিত করতে হবে: বক্তারা

চট্টগ্রামে প্রসূতিজনিত ফিস্টুলা নির্মূলে বিভাগীয় অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত

নিউজগার্ডেন ডেস্ক:

প্রসূতিজনিত ফিস্টুলায় আক্রান্ত নারীদের দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা, অস্ত্রোপচার ও পুনর্বাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যসংশ্লিষ্ট কর্মকর্তারা। তাঁরা বলেছেন, ফিস্টুলা প্রতিরোধ ও নির্মূলে গর্ভবতী নারীদের মানসম্মত প্রসবপূর্ব ও প্রসব-পরবর্তী সেবা নিশ্চিত করার পাশাপাশি প্রাতিষ্ঠানিক প্রসবের সুযোগ বাড়াতে হবে। এ ক্ষেত্রে মাঠপর্যায়ের জনপ্রতিনিধি এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম নগরীর লয়েল রোডের স্বাস্থ্য ভবনের সম্মেলন কক্ষে ‘প্রসূতিজনিত ফিস্টুলা নির্মূল ও মাতৃস্বাস্থ্য নীতি’ শীর্ষক বিভাগীয় অ্যাডভোকেসি কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় সহযোগিতা করে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) বাংলাদেশ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অংশ হিসেবে প্রসূতিজনিত ফিস্টুলা নির্মূল এবং মাতৃমৃত্যুর হার কমানোর লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বির সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন। সিআইপিআরবির প্রকল্প সমন্বয়কারী মো. আলতাফুর রহমান কর্মশালাটি সঞ্চালনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবু সালেহ মো. ফোরকান উদ্দিন, অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) চট্টগ্রাম শাখার সভাপতি ডা. জিনাত আরা চৌধুরী, চমেক হাসপাতালের গাইনি অ্যান্ড অবস বিভাগের অধ্যাপক ডা. তাজিন সুলতানা এবং বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের উপপরিচালক ডা. কমরুল আযাদ।

কর্মশালায় মাল্টিমিডিয়ার মাধ্যমে মূল প্রবন্ধ ও বিষয়ভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন সিআইপিআরবির প্রজনন ও শিশুস্বাস্থ্য বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মো. আবদুল হালিম এবং উপপরিচালক ড. আবু সাঈদ মোহাম্মদ আবদুল্লাহ।

কর্মশালায় মাতৃস্বাস্থ্য নীতি বাস্তবায়ন, অগ্রাধিকার, সেবা প্রদানের ক্ষেত্রে বিদ্যমান ঘাটতি ও বিভাগীয় পদক্ষেপ, প্রসবকালীন সেবা নির্দেশিকা (লেবার কেয়ার গাইড), প্রসব-পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণ (পোস্টপার্টাম হেমোরেজ), একলাম্পসিয়া এবং প্রসূতিজনিত ফিস্টুলার বর্তমান পরিস্থিতি, প্রতিরোধ, শনাক্তকরণ, রেফারেল ও চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ফিস্টুলা নির্মূলে এ পর্যন্ত অর্জিত অগ্রগতিও তুলে ধরা হয়।

বক্তারা বলেন, প্রসূতিজনিত ফিস্টুলায় আক্রান্ত অনেক নারী সামাজিকভাবে অবহেলা ও নানা ধরনের বৈষম্যের শিকার হন। অথচ সময়মতো শনাক্তকরণ ও যথাযথ চিকিৎসার মাধ্যমে এ রোগের চিকিৎসা সম্ভব। তাই আক্রান্ত নারীদের খুঁজে বের করে দ্রুত চিকিৎসাকেন্দ্রে পাঠানো, প্রয়োজনীয় অস্ত্রোপচার এবং পরবর্তী পুনর্বাসন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তাঁদের সামাজিক মর্যাদা ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগ ফিরিয়ে দিতে হবে।

তাঁরা আরও বলেন, ২০৩০ সালের মধ্যে প্রসূতিজনিত ফিস্টুলা নির্মূল এবং মাতৃমৃত্যুর হার আরও কমিয়ে আনতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। এ লক্ষ্য অর্জনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ের কর্মীদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের সচেতনতা বৃদ্ধি এবং রোগী শনাক্তকরণ কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে।

কর্মশালায় বিশেষজ্ঞ চিকিৎসক, স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা, ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সিআইপিআরবি ও ইউএনএফপিএর প্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

মন্তব্য করুন