
নিউজগার্ডেন ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে পত্রিকাটির সম্পাদক, প্রকাশক, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে আয়োজিত দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ। এ সময় দৈনিক রূপালী বাংলাদেশের চট্টগ্রাম ব্যুরো প্রধান গিয়াস উদ্দিনসহ পত্রিকার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা কেক কেটে পত্রিকাটির দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর সভাপতি জান্নাতুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এ সময় উপস্থিত অতিথিরা দৈনিক রূপালী বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরার মাধ্যমে গণমাধ্যম হিসেবে পত্রিকাটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
দ্বিতীয় বর্ষপূর্তির এই শুভক্ষণে দৈনিক রূপালী বাংলাদেশের আগামী দিনের পথচলা আরও সমৃদ্ধ ও সাফল্যমণ্ডিত হোক এ প্রত্যাশা ব্যক্ত করেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ।









