জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সিভিল সার্জন

নিউজগার্ডেন ডেস্ক: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা আজ ৩ আগস্ট রোববার সম্মেলন কক্ষে দুপুর ২টায় অনুষ্ঠিত হয়।

জেলা সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও ডেপুটি সিভিল সার্জন ডাঃ তৌহিদুল আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ সেখ ফজলে রাব্বি।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাঃ একরাম হোসাইন, বেসরকারী পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ রেজাউল করিম, ন্যাশনাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ ইউসুফ, এনডিএফ চট্টগ্রাম শাখার সেক্রেটারি ও স্বাস্থ্য সেবা বিভাগের সমন্বয়ক ডাঃ মোঃ ইরফান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের রেজিস্টার ডাঃ মুবিন, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রামের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রিজিয়া সুলতানা ও নির্বাহী প্রকৌশলী মনি কুমার শর্মা। জেলার ১৫ উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ, জুনিয়র কনসালটেন্টবৃন্দ, জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারবর্গ, আহত জুলাই যোদ্ধাগণ, জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা প্রদানকারী বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ,কনসালটেন্ট, মেডিকেল অফিসার ও সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আলোচনা সভা শেষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে দোয়া-মুনাজাত পরিচালনা করেন ন্যাশনাল ডক্টরস ফোরাম চট্টগ্রামের সেক্রেটারী ডাঃ ইরফান চৌধুরী।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ সেখ ফজলে রাব্বি, জুলাই-আগস্ট আন্দোলনের স্মৃতি স্মরণ করেন এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকারভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, এ আন্দোলন ছিল গণমানুষের অধিকারের পক্ষে একটি ঐতিহাসিক জাগরণ। শহীদদের ত্যাগ আমাদের সামনে এগিয়ে চলার প্রেরণা। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। তাই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার মাধ্যমে ২৪’র স্বাধীনতা রক্ষা করতে হবে।

মন্তব্য করুন