’বিদ্যালয় নাট্যদল’ গঠিত হলো ওডেব’র

নিউজগার্ডেন ডেস্ক: সাংস্কৃতিক জাগরণের মাধ্যমে শিক্ষার্থীদের মনোসামাজিক বিকাশ ও নারীর মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের ৫নং মোহরা ওয়ার্ডের এ এল খান উচ্চ বিদ্যালয়ে গঠিত হয়েছে ২৫ সদস্য বিশিষ্ট ’বিদ্যালয় নাট্যদল’। জাতীয় মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর সহায়তায় এবং মানবাধিকার ও ইএসসি রাইটস নিয়ে কাজ করা সংগঠন ওডেবের উদ্যোগে এই ব্যতিক্রমী দলটি যাত্রা শুরু করলো।

ওডেবের প্রধান নির্বাহী, কবি ও অধ্যাপক শ্যামলী মজুমদার-এর নির্দেশনায় গঠিত এই নাট্যদলটি করোনা-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের মাঝে সাংস্কৃতিক জাগরণ ফিরিয়ে আনতে কাজ করবে। একটি মনোসামাজিক থেরাপি হিসেবে সাংস্কৃতিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেছেন সংশ্লিষ্টরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুস্তফা সেলিমুদ্দিন-এর সার্বিক নির্দেশনায় অনুষ্ঠিত এক অরিয়েন্টেশন সভায় দলের উদ্দেশ্য এবং কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় ‘নাগরিকতা’ প্রকল্পের প্রোগ্রাম অর্গানাইজার মো. আলাউদ্দীন এবং প্যারা লিগ্যাল শ্রাবস্তী মজুমদার জুঁই বলেন, এই দলটি শুধু নাটকে সীমাবদ্ধ থাকবে না, বরং উপস্থিত বক্তৃতা, দেয়ালিকা তৈরি, এবং বিভিন্ন সামাজিক ইস্যুভিত্তিক কার্যক্রমেও সক্রিয়ভাবে অংশ নেবে। সহকারী প্রধান শিক্ষক এস এম মামুনও শিক্ষার্থীদের এই নতুন যাত্রাকে স্বাগত জানান।

নাট্যদলের সদস্যরা জানান, তারা সামাজিক অসঙ্গতিগুলোর বিরুদ্ধে নিজেদের সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ নিতে প্রস্তুত। এই উদ্যোগ শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি সমাজের প্রতি তাদের দায়বদ্ধতাও বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন