
চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমির ৫৯তম ব্যাচ ক্যাডেটদের গ্র্যাজুয়েশন (পাসিং আউট) প্যারেড অনুষ্ঠিত হয়।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে একাডেমি প্রাঙ্গনে পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এসডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্যারেডে সভাপতিত্ব করেন একাডেমির কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) নৌপ্রকৌশলী মোঃ মনজুরুল কবীর। অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়, নৌপরিবহন অধিদপ্তর, বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, চট্টগ্রাম নৌ-বাণিজ্য দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, সামরিক-বেসামরিক কর্মকর্তা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ক্যাডেটদের মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্যারেড শেষে প্রধান অতিথি ৫৯তম ব্যাচের বিদায়ী ক্যাডেটদের বিভিন্ন পদক ও পুরস্কার বিতরণ করেন। এ বছর নটিক্যাল বিভাগে ৮২ জন এবং মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৭৮ জনসহ মোট ১৬০ জন ক্যাডেট ০২ বছর মেয়াদী প্রি-সী কোর্স সম্পন্ন করেন।
সকল ক্ষেত্রে সর্বোচ্চ কৃতিত্ব অর্জন করায় মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ক্যাডেট ক্যাপ্টেন মিফতাহুল ইসলাম রাজ্য(৫৭৮৯) মহামান্য রাষ্ট্রপতির স্বর্ণপদক, নটিক্যাল শাখায় সমাপনী পরীক্ষায় সার্বেচ্চ নম্বর প্রাপ্তির জন্য ক্যাডেট ক্যাপ্টেন মুবাশ্বির রায়হান(৫৭৯০) এবং মেরিন ইঞ্জিনিয়ারিং শাখায় সমাপনী পরীক্ষায় সার্বেচ্চ নম্বর প্রাপ্তির জন্য সিনিয়র ক্যাডেট ক্যাপ্টেন মোঃ মুসাদ্দেক হোসাইন নবাব (৫৮৫১) নৌপরিবহন মন্ত্রণালয়ের রৌপ্য পদক অর্জন করেন। এছাড়া বাংলাদেশ শিপিং কর্পোরেশন পদক পান সিনিয়র ক্যাডেট আহমেদ জোবায়ের রাফি(৫৭৯৮) ও ক্যাডেট ক্যাপ্টেন মোহাম্মদ মনজুরুল আলম পারভেজ (৫৮৫০)। বাংলাদেশ মেরিন একাডেমি পদক পান সিনিয়র ক্যাডেট ক্যাপ্টেন আফিয়া শারমিন সাবা(এফ-০১৪৭)। হক এন্ড সন্স লিঃ পদক পান ক্যাডেট ক্যাপ্টেন শাহাদাত হোসাইন (৫৮১৫)। ইস্ট কোস্ট শিপিং ম্যানেজমেন্ট পদক পান সিনিয়র ক্যাডেট আবদুর রউফ (৫৬৫১)। প্রান্তিক গ্রুপ পদক পান লিডিং ক্যাডেট (স্পোর্টস) সোহম রয় (৫৮৩৫)। বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশন পদক পান লিডিং ক্যাডেট (কালচারাল) মোঃ তৌফিকুর রহমান(৫৭৯৫)।









