দেড়শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

ওসমান চৌধুরী, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় অভিযান চালিয়ে দেড়শ পিস ইয়াবাসহ সাহেদুল ইসলাম সজিব (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী।

আটককৃত সজিব সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের ভোরবাজার পশ্চিম পাড়া এলাকার মো. মনিরুল ইসলামের ছেলে।

আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (৩১ জানুয়ারি) ভোররাত ২টায় সেনাবাহিনীর ১২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব এর নেতৃত্বে একটি টহল দল দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডস্থ শঙ্খ নদীর দক্ষিণ তীর ঘেঁষে অবস্থিত বার্মা কলোনি থেকে সাহেদুল ইসলাম সজিবকে আটক করে। এসময় তার কাছ থেকে দেড়শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রয়োজনীয় তদন্ত শেষে আটককৃত ব্যক্তিকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে বলে আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াছ খান পিপিএম বলেন, “আটককৃত সজিবের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।”

মন্তব্য করুন