
নিউজগার্ডেন ডেস্ক: ইসলামী শ্রমিক আন্দোলনের কর্মীদের নৈতিক মান, জ্ঞান ও আমল বৃদ্ধি এবং যোগ্য নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান।
তিনি আজ নগর ফেডারেশনের কোতোয়ালী থানার (জোন-৩) আয়োজনে অনুষ্ঠিত বাছাইকৃত কর্মীদের শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জোন পরিচালক ও চট্টগ্রাম মহানগরীর সাধারন সম্পদক আবু তালেব চৌধুরী।
তিনি বলেন, ইসলামী শ্রমিক আন্দোলনের কর্মীদের শুধু সাংগঠনিক দক্ষতা অর্জন করলেই হবে না; তাদের নৈতিকতা, জ্ঞান, আমল ও চারিত্রিক মান উন্নয়ন ঘটাতে হবে। আদর্শবান ও সৎ চরিত্রের কর্মীই একটি শক্তিশালী সংগঠনের ভিত্তি।
এস এম লুৎফর রহমান বলেন, একজন শ্রমিক কর্মীকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। ব্যক্তিগত জীবনে সততা, দায়িত্ববোধ ও শৃঙ্খলা চর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
তিনি আরও বলেন, শ্রমিক সংগঠন সম্প্রসারণে দায়িত্বশীলদের কার্যকর ভূমিকা রাখতে হবে এবং নতুন নেতৃত্ব তৈরি করতে হবে। সংগঠনের প্রতিটি পর্যায়ে দক্ষ ও যোগ্য নেতৃত্ব গড়ে উঠলে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন আরও শক্তিশালী হবে।
তিনি বলেন, শ্রমিকদের সুখে-দুঃখে পাশে থাকা, তাদের সমস্যা সমাধানে এগিয়ে আসা এবং ন্যায় ও ইনসাফের ভিত্তিতে কাজ করা একজন প্রকৃত শ্রমিক নেতার দায়িত্ব। একই সঙ্গে রাষ্ট্রকে এগিয়ে নিতে শ্রমিক সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
বক্তব্যে তিনি শ্রমিকদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, একটি উন্নত, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনে শ্রমিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর সহ-সভাপতি নজির হোসেন, মকবুল আহমদ ভূঁইয়া, শ্রমিক নেতা মুহাম্মদ হামিদুল ইসলাম ও মনিরুল ইসলাম মজুমদার।









