
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ৩৮ নং ওয়ার্ডের ঈশান মিস্ত্রির হাট এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা, ভাঙাচোরা সড়ক, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও অসমাপ্ত সুইচগেট নির্মাণের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
৩৮ নং ওয়ার্ড উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক সাংবাদিক মোহাম্মদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শফিউল আলম, সাবেক কাউন্সিলর, ৩৭ নং ওয়ার্ড এবং পরিচালক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম।
মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রাম নগরের বন্দর এলাকার গুরুত্বপূর্ণ জনপদ ঈশান মিস্ত্রির হাট দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। খাল খনন, গার্ডওয়াল নির্মাণ, ড্রেনেজ সংস্কার এবং সড়ক উন্নয়নের অভাবে এলাকাবাসীকে প্রতিনিয়ত সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুম এলেই জলাবদ্ধতায় ডুবে যায় পুরো এলাকা, সৃষ্টি হয় জনজীবনে চরম দুর্ভোগ।
বক্তারা আরও জানান, ঈশান মিস্ত্রির হাট সংলগ্ন সুইচগেটটির নির্মাণ কাজ ২০২২ সালে শুরু হলেও ২০২৬ সালেও তা সম্পূর্ণ হয়নি। দীর্ঘ চার বছর ধরে অসমাপ্ত অবস্থায় পড়ে থাকা এই প্রকল্প স্থানীয়দের জন্য যেন দুর্ভোগের আরেক নাম হয়ে দাঁড়িয়েছে। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়, আর এতে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম এবং স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এছাড়া সল্টগোলা রেল ক্রসিং থেকে বাকের আলী ফকিরের টেক পর্যন্ত সড়কটির বেহাল দশা নিয়ে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, রাস্তাটির ভাঙাচোরা ও জরাজীর্ণ অবস্থার কারণে প্রতিদিন হাজারো মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছে না, কর্মজীবী মানুষ হারাচ্ছেন মূল্যবান কর্মঘণ্টা। প্রতিনিয়ত যানজট ও দুর্ভোগে অতিষ্ঠ হয়ে উঠেছে পুরো জনপদ।
বক্তারা অবিলম্বে,জলাবদ্ধতা নিরসন, সড়ক মেরামত ও উন্নয়ন, ড্রেনেজ ও ড্রেন নির্মাণ-সংস্কার, খাল পরিষ্কার এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন ডাঃ হাবিবুর রহমান, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩৮ নং ওয়ার্ড; জহির উদ্দিন, চেয়ারম্যান, কর্ণফুলী আইডিয়াল স্কুল; আব্দুল্লাহ ওমর বাহাদুর, চেয়ারম্যান, আমানত বিজনেস ফোরাম; আলহাজ্ব নজির আহমদ সওদাগর, সাবেক সভাপতি, ঈশান মিস্ত্রী হাট দোকান মালিক সমিতি; ইমরুল কায়েস মোঃ মঈনুদ্দীন, বিশিষ্ট ব্যাংকার; শওকত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী; সাংবাদিক মোঃ ফয়সাল হাসান জনি, দপ্তর সম্পাদক, একতা সমাজ উন্নয়ন পরিষদ (এসউপ); মোঃ মনসুর, সদস্য, প্রাইম মুভার মালিক সমিতি; মোঃ ইউসুফ, প্রাইম মুভার মালিক সমিতি; আলী হোসেন বুলু, পরিচালক, শাহ আমানত আইডিয়াল স্কুল; এবং মোঃ মোরশেদ, বিশিষ্ট ব্যবসায়ী।
মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দীর্ঘদিনের এই নাগরিক সমস্যা দ্রুত সমাধান না হলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। তারা সংশ্লিষ্ট প্রশাসন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রতি জরুরি ভিত্তিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
মানববন্ধনে এলাকার ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এ আন্দোলনের প্রতি জনসমর্থনের স্পষ্ট বহিঃপ্রকাশ বলে মনে করছেন সচেতন মহল।









