
নিউজগার্ডেন ডেস্ক: শ্রমিকদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করছে বলে মন্তব্য করেছেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী জোন-৪ এর উদ্যোগে আয়োজিত “অগ্রসর কর্মী শিক্ষা শিবির’২৬”-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জোন পরিচালক ও মহানগরীর সহ-সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ আদিল।
প্রধান অতিথির বক্তব্যে এস এম লুৎফর রহমান বলেন, একজন খাঁটি মানুষ হওয়ার পূর্বশর্ত হলো মহান আল্লাহর প্রতি আনুগত্যশীল হওয়া। ইসলামী আদর্শে গড়ে ওঠা শ্রমিক সমাজই দুনিয়া ও আখিরাতে সফল হতে পারে।
তিনি বলেন, শ্রমিক আন্দোলনের কর্মীদের ত্যাগ স্বীকারের মানসিকতা থাকতে হবে। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারলেই একজন কর্মী প্রকৃত অর্থে আদর্শবান হয়ে উঠবে।
তিনি আরও বলেন, নৈতিক মান উন্নয়ন ও চারিত্রিক উৎকর্ষ সাধন ছাড়া কোনো আন্দোলন টেকসই হতে পারে না। কর্মীদের মধ্যে আমানতদারিতা, সততা ও অমায়িক আচরণ গড়ে তুলতে হবে, যাতে তারা সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে পারে।
এস এম লুৎফর রহমান বলেন, পরকালীন জীবনের প্রতি গভীর অনুভূতি জাগ্রত না হলে মানুষের কর্মকাণ্ডে জবাবদিহিতা তৈরি হয় না। তাই প্রতিটি কর্মীকে আখিরাতমুখী চিন্তা ও আত্মশুদ্ধির চর্চা করতে হবে।
এতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন মহানগর সহ-সভাপতি নজির হোসেন , জোন সহকারী পরিচালক ও পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম এবং বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মুহাম্মদ জসিম উদ্দিন।
এতে আরও উপস্থিত ছিলেন আনোয়ার হোসাইন,বাবুল হাসান, মোঃ ইউসুফ, আলতাফ হোসেন, কামাল উদ্দিন, বশির আহমেদ, আনিসুর রহমান, দেলোয়ার হোসেন, তাওহিদুল ইসলাম প্রমুখ।









