
নিউজগার্ডেন ডেস্ক: নগরীর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের জিমনেসিয়াম চত্বরে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত স্বাধীনতা বইমেলায় আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোরদের আঁকা ছবি ঘুরে দেখেন এবং তাদের সৃজনশীলতা ও দেশপ্রেমমূলক ভাবনার প্রশংসা করেন। এ সময় মেয়র বলেন, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম জাগ্রত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের সৃজনশীলতা বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন।
মেয়র ডা. শাহাদাত হোসেন আরও বলেন, একটি সুন্দর, সচেতন ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে সংস্কৃতি ও সৃজনশীল কার্যক্রমের কোনো বিকল্প নেই। তিনি জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে।
অনুষ্ঠানটি নগরীর বইমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সমাজকল্যাণ ও সংস্কৃতি কর্মকর্তা মামুনুর রশীদ, মেয়রের একান্ত সহকারী জিয়াউর রহমান জিয়া, অভিভাবকবৃন্দ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।









