
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক বলেন, রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই গণঅভ্যুত্থানকে অস্বীকার করে কোনো সরকারই দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। জনগণের রক্তের বিনিময়ে অর্জিত অধিকার ও প্রত্যাশাকে উপেক্ষা করা গণতন্ত্রের চেতনার পরিপন্থী।
আজ (শুক্রবার) সকাল ৮টায় নগরীর আনিকা কমিউনিটি সেন্টারে চকবাজার থানার দায়িত্বশীল শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে হলে অনতিবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হলে উভয়টির ফলাফল সমানভাবে গ্রহণ করা জরুরি। সংসদ নির্বাচন মেনে নেওয়া হবে কিন্তু গণভোটের ফলাফল অস্বীকার করা হবে—এ ধরনের দ্বিমুখী অবস্থান জনগণের সাথে প্রতারণার শামিল। জুলাই গণঅভ্যুত্থান ফ্যাসিবাদ বিরোধী দেশব্যাপী ছাত্র-জনতার এক বৈপ্লবিক অভিযান। হাজার হাজার ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে জনগণ নতুন বাংলাদেশ পেয়েছে। আর জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রায় ৭০% জনগণ গনভোটে হ্যাঁ এর পক্ষে রায় দিয়েছে। অথচ ক্ষমতাসীন বিএনপি সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করে উল্টো জনগণের সাথে ছিনিমিনি খেলছে। যা জাতির জন্য কলঙ্কজনক। অবিলম্বে গণভোটের রায় মেনে নিয়ে জুলাই শহীদের স্বপ্ন পূরণ করুন।
মুহাম্মদ জাফর সাদেক দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন, সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ত্যাগ, শৃঙ্খলা ও ঐক্যের বিকল্প নেই। তিনি সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে আদর্শিক দৃঢ়তা বজায় রেখে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
চকবাজার থানা আমীর আহমদ আনোয়ারের সভাপতিত্বে ও সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী সঞ্চালনায় উক্ত বৈঠকে পবিত্র কুরআনুল কারিম থেকে দারসুল কুরআন পেশ করেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক মুহাম্মদ নুরুল আমিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস।
এতে আরও উপস্থিত ছিলেন চকবাজার থানা নায়েবে আমীর মুহাম্মদ আব্দুল হান্নান, থানা কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন আল হাসান, মোহাম্মদ ইলিয়াছ, জাহাঙ্গীর আলম, এরশাদুল ইসলাম, আমজাদ হোসাইন, সাইফুদ্দিন খালেদ, মাওলানা খালেদ জামাল, মুজাহিদুল ইসলাম প্রমুখ।









