মহানগর বিএনপির সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের সভাপতিত্বে নসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেশের সার্বিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি, দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করা, আগামী ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ, এবং নগরীর চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অতিবৃষ্টিজনিত ভয়াবহ জলাবদ্ধতায় নগরবাসীর চরম ভোগান্তি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পরিকল্পনাহীন নগর ব্যবস্থাপনা, অব্যবস্থাপনা এবং জবাবদিহিতাহীন প্রশাসনিক কাঠামোর কারণে চট্টগ্রাম নগরী আজ ভয়াবহ জলাবদ্ধতার দুর্ভোগে নিমজ্জিত। টানা বর্ষণে অল্প সময়েই সড়ক-নালা প্লাবিত হয়ে জনজীবন অচল হয়ে পড়ছে। এর ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগ, আর্থিক ক্ষতি ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে।

বক্তারা আরও বলেন, নগর উন্নয়ন ও ড্রেনেজ ব্যবস্থার কার্যকর ও টেকসই সংস্কারের ঘাটতির কারণে বছরের পর বছর এই সমস্যা স্থায়ী রূপ নিয়েছে। এখন সময় কথার রাজনীতি নয়, বাস্তবমুখী, কার্যকর ও দীর্ঘমেয়াদি সমাধান গ্রহণের। জনগণ দৃশ্যমান পরিবর্তন দেখতে চায়।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন,
নাগরিক জীবনের মৌলিক সেবা, নগর ব্যবস্থাপনা এবং অবকাঠামোগত উন্নয়নকে ঘিরে যে চ্যালেঞ্জগুলো দীর্ঘদিন ধরে বিদ্যমান, তা এখন আরও দৃশ্যমান এবং জনসাধারণের দৈনন্দিন জীবনে গভীর প্রভাব ফেলছে।

চট্টগ্রাম মহানগরসহ দেশের বিভিন্ন নগরীতে জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থার অকার্যকারিতা এবং অপরিকল্পিত নগরায়নের ফলে বর্ষা মৌসুমে জনজীবন প্রায়শই স্থবির হয়ে পড়ে। সাধারণ মানুষকে প্রতিনিয়ত যে সীমাহীন ভোগান্তির মধ্য দিয়ে যেতে হচ্ছে, তা একটি কার্যকর ও সময়োপযোগী নগর ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাকে আরও জোরালোভাবে সামনে নিয়ে এসেছে।

আমরা বিশ্বাস করি, একটি আধুনিক ও বাসযোগ্য নগর গড়ে তুলতে হলে পরিকল্পিত উন্নয়ন, স্বচ্ছ ব্যবস্থাপনা এবং দায়িত্বশীল সমন্বিত উদ্যোগ অপরিহার্য। জনগণের করের টাকায় পরিচালিত সেবা ব্যবস্থাকে আরও গতিশীল, কার্যকর এবং জবাবদিহিমূলক করা এখন সময়ের দাবি।

মহানগর বিএনপি সবসময় জনগণের ন্যায্য অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং উন্নত নাগরিক সুবিধা নিশ্চিত করার পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করে আসছে। জনগণের জীবনমান উন্নয়ন, নিরাপদ নগর পরিবেশ এবং কার্যকর অবকাঠামো ব্যবস্থাপনা নিশ্চিত করতে আমরা ধারাবাহিকভাবে জনমত গঠন ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতেও এই সংগ্রাম অব্যাহত থাকবে। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে।

একই সঙ্গে ১ মে শ্রমিক দিবসকে সফল করার মাধ্যমে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে আরও বেগবান করা হবে।

সভা শেষে ১৯৯১ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মুবিন।

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য এম এ হান্নান, এস এম আবুল ফয়েজ, ইস্কান্দার মির্জা, মো: মহসীন, মো: সালাউদ্দিন, কামরুল ইসলাম, সৈয়দ শিহাব উদ্দিন আলম, আনোয়ার হোসেন লিপু, মোশাররফ হোসেন ডিপটি, মো. জাফর আহম্মদ, এ. কে. খান, মাহবুব রানা, এম. এ সবুর, মোহাম্মদ আবু মুসা, মোহাম্মদ আজম, মো. ইসমাইল বালি, আশরাফুল ইসলাম এবং মো: ইউসুফ।

 

মন্তব্য করুন