
নিউজগার্ডেন ডেস্ক: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আগামী রবিবার (৫ জুলাই) চট্টগ্রাম দেশ রক্ষা তারেক মঞ্চ আয়োজিত “শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট” এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে বিকাল ৩টায় ফাইনালে জাতীয় ও বিদেশী খেলোয়াড়দের সমন্বয়ে গড়া প্রবাসী কিংস চট্টগ্রাম ও শহীদ ওয়াসিম একাদশ পরস্পরের মোকাবেলা করবে।
শুক্রবার (৩ জুলাই), বিকালে পাহাড়তলী রেলওয়ে শহীদ শাহজাহান মাঠে ফাইনাল পূর্ব সাংবাদিক সম্মেলনে পরিচালনা কমিটির পক্ষ থেকে সাংবাদিকদের এইসব তথ্য জানানো হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মোশাররফ হোসেন দীপ্তি।
সাংবাদিক সম্মেলনে আহবায়ক মোশাররফ হোসেন দীপ্তি জানান, ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভুমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সংসদ সদস্য এরশাদ উল্লাহ, আবু সুফিয়ান, সাঈদ আল নোমান, নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, উপদেষ্টা, টুর্ণামেন্ট পরিচালনা কমিটি শফিকুর রহমান স্বপন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালক ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু। তাছাড়া ফাইনাল খেলায় উদ্বোধন ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মাসব্যাপী খেলা পরিচালনায় সহযোগিতার জন্য মিডিয়া সহ টুর্ণামেন্টের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ এবং রবিবার টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সফল সমাপ্তিতে সকলের সহযোগিতা কামনা করে ফুটবল প্রেমী দর্শকদের সুশৃঙ্খলভাবে ফাইনাল খেলা উপভোগের আমন্ত্রণ জানান।
সাংবাদিক সম্মেলনে জানানো হয় আগামীতে শহীদ শাহজাহান মাঠে ক্রিকেট টুর্ণামেন্ট সহ নিয়মিত খেলাধুলার আয়োজন অব্যাহত থাকবে এবং আগামী বছর একই সময়ে আরো বড় পরিসরে ২য় বারের মত শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠিত হবে।
সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সদস্য দিদারুর রহমান সুমন, আকবর শাহ থানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার সেলিম, মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি ফজলুল হক সুমন, মিয়া মো. হারুন, সাবেক যুগ্ম সম্পাদক এস এম জিয়াউল হুদা শাহরিয়ার জিয়া, হেলাল হোসেন হেলাল, টুর্নামেন্ট পরিচালনা কমিটি সদস্য শাহজালাল পলাশ, ইউনুছ মুন্না, মোহাম্মদ সাগির, কেন্দ্রীয় ক্রিড়া দল নেতা হায়দার কবির প্রিন্স, শোয়েব হোসেন, মামুনুর রশীদ মামুন, কামরুল ইসলাম, কোচ মাহবুব আলম, ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা দল শহীদ ওয়াসিম আকরাম একাদশের কর্মকর্তা ওমর ফারুক ও প্রবাসী কিংস চট্টগ্রামের কর্মকর্তা সিরাজুল হক শিমুল, যুবদল নেতা গোলজার হোসেন মিন্টু, হোসেন জামান, শওকত খান রাজু, আনোয়ার হোসেন, রাসেল খান, আনোরুল হক হনী, আরিফুল ইসলাম, লেদু, মো. জামাল, জামশেদ ফয়সাল, হুমায়ূন কবির, মোহাম্মদ সোহেল।
সাংবাদিক সম্মেলন শেষে ফাইনালে অংশগ্রহণকারী দুই দলের প্রতিনিধিদের উপস্থিতিতে ফাইনালের ট্রফি উম্মোচন করা হয়।









