
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালীতে অবস্থিত কনফিডেন্স লবণ কারখানায় আগুনের ঘটনায় দগ্ধ হয়েছেন ১০ শ্রমিক।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বোয়ালখালী পৌরসভা এলাকার কনফিডেন্স লবণ কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায় , সবাইকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।
দগ্ধরা হলেন দিদারুল আলম (৩২), উজ্জ্বল দাশ (৫৩), মোহাম্মদ লিটন (২৮), সিরাজুল ইসলাম (৩৪), জাহিদুল আলম (৪২), মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮), নূর নবী (২৫), মোহাম্মদ আলম (৪৫), মাহামুদুল হক (৪৫) ও সেলিম উদ্দিন (৩০)।
আহত শ্রমিকের বরাত দিয়ে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলা উদ্দিন জানান, শ্রমিকরা কারখানায় কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ১০ শ্রমিক দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা চলছে।








