
নিউজগার্ডেন ডেস্ক: টানা ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানা। শুক্রবার (১৭ জুলাই) সংগঠনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও মেয়রপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও মানবিক সহায়তা অব্যাহত রাখবে। তিনি সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠনকে অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।
৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আমীর হারুনুর রশিদ দিদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরঘাট থানা আমীর এম এ গফুর এবং থানা সেক্রেটারি সরওয়ার জাহান সিরাজী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মানবিক মূল্যবোধ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত সামাজিক দায়িত্ব। তারা সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।
উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের সার্বিক সমন্বয় ও সহযোগিতা করেন ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবুল মনসুর। এ সময় স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।







