জেলা ও মহানগরে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে এনডিএম

ঢাকা, ৩ আগস্ট ২০২৬: জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব ববি হাজ্জাজের সাংগঠনিক দিকনির্দেশনায় দলটির কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে ১১টি জেলা ও মহানগর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সোমবার সকাল ১১টায় আয়োজিত ‘জেলা পর্যায় আহ্বায়ক কমিটি ঘোষণা সভায় নবগঠিত কমিটিগুলোর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন এনডিএমের ভারপ্রাপ্ত মহাসচিব ব্যারিস্টার শাহেদুল আজম।

ঘোষিত কমিটিগুলো হলো চট্টগ্রাম জেলা আহ্বায়ক কমিটি, কক্সবাজার জেলা আহ্বায়ক কমিটি, খুলনা মহানগর আহ্বায়ক কমিটি, বরগুনা জেলা আহ্বায়ক কমিটি, ভোলা জেলা আহ্বায়ক কমিটি, কুষ্টিয়া জেলা আহ্বায়ক কমিটি, কুড়িগ্রাম জেলা আহ্বায়ক কমিটি, দিনাজপুর জেলা আহ্বায়ক কমিটি, রংপুর জেলা আহ্বায়ক কমিটি এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি।

নবগঠিত আহ্বায়ক কমিটিগুলোকে আগামী ৯০ দিনের মধ্যে সংশ্লিষ্ট জেলা ও মহানগরের আওতাধীন সকল সাংগঠনিক ইউনিটে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন এবং পূর্ণাঙ্গ সাংগঠনিক প্রতিবেদন কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় সম্মেলন সম্পন্ন করে নতুন নেতৃত্ব নির্বাচন, স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার দায়িত্ব আহ্বায়ক কমিটিগুলোর ওপর অর্পণ করা হয়েছে।

দলীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটিগুলো নিষ্ঠা, ঐক্য ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করবে এবং সংশ্লিষ্ট জেলা ও মহানগরে এনডিএম এর সাংগঠনিক ভিত্তিকে আরও সুদৃঢ় করবে।

“ববি হাজ্জাজের অঙ্গীকার, দেশ হবে জনতার” এই অঙ্গীকারকে সামনে রেখে জনগণের অধিকার, গণতন্ত্র, জবাবদিহি এবং জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর সাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন