ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস কাল থেকে 

কাল ১ অক্টোবর বৃহস্পতিবার থেকে বাংলাদেশসহ সারা বিশ্বে পালিত হবে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস। এই উপলক্ষ্যে চট্টগ্রামে গত বছরের ন্যায় এবারও চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান সিএসসিআর এবং স্নাতকোত্তর সার্জিকাল শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান পিজিএস একাডেমিয়া এর সমন্বিত উদ্যোগে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই উপলক্ষ্যে আগামীকাল ১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রের নেতৃত্বে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষের কার্যালয় প্রাঙ্গন থেকে এক শোভাযাত্রায় চিকিৎসক, সংবাদকর্মী, শিক্ষক, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর কর্মকতা-কর্মচারী, সিএসসিআর এবং পিজিএস একাডেমিয়ার সদস্যবৃন্দ, নার্সসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করবেন। উক্ত কার্যক্রমের আওতায় অক্টোবর মাসব্যাপী প্রতি রবিবার, মঙ্গলবার ও বুধবার বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত সিএসসিআর এ বিনামূল্যে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং ও কনসালটেশন কার্যক্রম চলবে। নিবন্ধনের জন্য সিএসসিআর এর ২য় তলায় অবস্থিত হেল্প ডেস্কে যোগাযোগ করতে হবে। হটলাইন নম্বর ০৯৬১৯৬৫৬৫৬৫ সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত। এই কার্যক্রমে নিবন্ধিত রোগীদের স্ক্রিনিং, মেমোগ্রাফি, হিস্টোপ্যাথলজী পরীক্ষায় শতকরা ৫০ ভাগ ছাড় প্রদানসহ শনাক্ত রোগীদের বিনামূল্যে টিউমার বোর্ডের পরামর্শ প্রদান করা হবে। তাছাড়া ১০ জন ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত রোগীর চিকিৎসা সিএসসিআর হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করা হবে। ভ্রাম্যমাণ চিকিৎসক, নার্স এবং সাপোর্ট ষ্টাফ সমন্বয়ে দ্বিতল পিংক বাসে অক্টোবর মাসের প্রতি শনিবার বিকাল ৩.০০ টা থেকে ৫.০০টা পর্যন্ত নগরীর বিভিন্ন পয়েন্টে রোগীদের বিনামূল্যে Screening কার্যক্রম পরিচালনা হবে। ভ্রাম্যমাণ চিকিৎসক দলের সেবাগ্রহণকারী রোগীরাও মেমোগ্রাফি, হিস্টোপ্যাথলজী পরীক্ষা ও টিউমার বোর্ডের সুবিধাপ্রাপ্ত হবেন।

ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নগরীতে লিফলেট বিতরণ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য পৃথক সচেতনতামূলক কর্মসূচি এবং সিএসসিআরের নিয়মিত প্রকাশনা ‘সিএসসিআর কানেক্ট’-এর বিশেষ ‘পিংক অক্টোবর’ সংখ্যা প্রকাশিত হবে।

মন্তব্য করুন