
নিউজগর্ডেন ডেস্ক: জাতীয় বেতনস্কেল, ২০২৬ (৯ম পে-স্কেল) অনুযায়ী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সকল কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা নির্ধারণ ও পে-ফিক্সেশন কার্যক্রম সম্পূর্ণ অনলাইন, ডিজিটাল স্বাক্ষরযুক্ত এবং পেপারলেস পদ্ধতিতে সফলভাবে সম্পন্ন হয়েছে। এর ফলে গত ১ নভেম্বর থেকে কর্মকর্তা-কর্মচারীরা নতুন স্কেলে বর্ধিত বেতন এবং পেনশনভোগীরা বর্ধিত পেনশন পাচ্ছেন। পাশাপাশি চলতি নভেম্বর মাসেই সংশ্লিষ্ট সকলে ৩ মাসের বর্ধিত বেতনের বকেয়া পাবেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সময়োপযোগী সিদ্ধান্ত, সুস্পষ্ট দিকনির্দেশনা ও দৃঢ় নেতৃত্বে নির্ধারিত সময়ের মধ্যে এ বৃহৎ প্রশাসনিক কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে কার্যক্রম সম্পন্ন হওয়ায় দীর্ঘসূত্রতা ও দাপ্তরিক জটিলতা হ্রাসের পাশাপাশি স্বচ্ছতা, নির্ভুলতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে।
এ সাফল্য অর্জনে বন্দরের সকল বিভাগ ও দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এ উদ্যোগ আধুনিক, প্রযুক্তিনির্ভর, কর্মকর্তা-কর্মচারীবান্ধব ও স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক।









