দুই দশকের অপেক্ষার অবসান, উদ্বোধন হলো আগ্রাবাদের বশির মোহাম্মদ সড়ক

নিউজগার্ডেন ডেস্ক: দীর্ঘ দুই দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উন্মুক্ত ও আধুনিক সড়ক হিসেবে উদ্বোধন হলো চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের বশির মোহাম্মদ সড়ক। দীর্ঘদিন অবরুদ্ধ থাকা সড়কটি দখলমুক্ত করে আধুনিকায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

শনিবার (৭ নভেম্বর) চসিকের প্রশাসক ডা. শাহাদাত হোসেন আনুষ্ঠানিকভাবে বশির মোহাম্মদ সড়কসহ দক্ষিণ আগ্রাবাদের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন। প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত দুটি প্রকল্পের আওতায় সড়ক উন্নয়ন, ড্রেন নির্মাণ, ফুটপাত তৈরি ও সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন হয়েছে।

বশির মোহাম্মদ সড়কের উন্নয়নে ব্যয় হয়েছে ২ কোটি ৯৪ লাখ ৫৩ হাজার টাকা। ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের এ সড়কের দুই পাশে ড্রেন ও ফুটপাত নির্মাণ, বিটুমিনাস কার্পেটিং, মিডিয়ান নির্মাণ, বৃক্ষরোপণ, সৌন্দর্যবর্ধন, রোড মার্কিং ও ক্যাটস আই স্থাপন করা হয়েছে। এতে যানবাহন চলাচলের পাশাপাশি পথচারীদের নিরাপত্তা ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ২২ অক্টোবর আগ্রাবাদ এক্সেস রোডের জেলা পুলিশ লাইনের সামনে সড়কটির উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন মেয়র হিসেবে দায়িত্ব পালনকারী ডা. শাহাদাত হোসেন। সে সময় এলাকাবাসীকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সড়কটি দখলমুক্ত করে আধুনিক ও নান্দনিকভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। অবশেষে উন্নয়নকাজ শেষ করে সড়কটি আনুষ্ঠানিকভাবে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।
উদ্বোধনকালে প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, বশির মোহাম্মদ সড়কটি নিয়ে এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। সড়কটি উন্মুক্ত হওয়ার সময় মানুষের মধ্যে যে আনন্দ দেখেছিলাম, তা আজও মনে আছে। সেদিন বলেছিলাম, শুধু রাস্তা খুলে দিলেই হবে না, এটিকে আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও সুন্দর সড়কে রূপান্তর করতে হবে। আজ সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে।

তিনি বলেন, একটি সড়ক শুধু যানবাহন চলাচলের পথ নয়; এটি একটি এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড, শিক্ষা, চিকিৎসা ও মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। সড়কটির উন্নয়নের ফলে ২৪ ও ২৭ নম্বর ওয়ার্ডসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে।

সড়কটি পুনরায় দখল না করার বিষয়ে সতর্ক করে প্রশাসক বলেন, বিপুল অর্থ ব্যয়ে সড়ক ও ফুটপাত নির্মাণের পর সেগুলো আবার দখল হয়ে গেলে সাধারণ মানুষ উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হন। বশির মোহাম্মদ সড়ক ও ফুটপাত মানুষের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে হবে। এখানে অবৈধ দোকানপাট বা স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না।

দক্ষিণ আগ্রাবাদের আরও কয়েকটি সড়কের উন্নয়ন
একই দিনে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে দক্ষিণ আগ্রাবাদের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন, ফুটপাত নির্মাণ ও সৌন্দর্যবর্ধন প্রকল্প উদ্বোধন করা হয়।
প্রকল্পের আওতায় ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের বিচারপতি মোর্শেদ খান সড়ক, মা ও শিশু হাসপাতালসংলগ্ন সড়কসমূহ, বিএসটিআই অফিসসংলগ্ন সড়ক, আমেরিকান চর্মরোগ হাসপাতালসংলগ্ন সড়ক এবং ব্যাংক কলোনির সামনের সড়কগুলোর উন্নয়ন করা হয়েছে।

এসব সড়কে ড্রেন সংস্কার, নতুন ফুটপাত নির্মাণ, বিটুমিনাস কার্পেটিং, রোড মার্কিং, ফুটপাতে টাইলস স্থাপন, সসার ড্রেন, কার্বস্টোন ও প্রোটেকশন ওয়াল নির্মাণসহ বিভিন্ন সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি সবুজ ও পরিবেশবান্ধব নগরী গড়ে তোলার লক্ষ্যে প্রায় তিন হাজার গাছ রোপণ এবং প্লান্টেশন বক্স নির্মাণ করা হয়েছে।

প্রশাসক বলেন, আগ্রাবাদ চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও আবাসিক এলাকা। এখানে হাসপাতাল, সরকারি-বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। বিশেষ করে মা ও শিশু হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাপ্রতিষ্ঠানসংলগ্ন সড়কে রোগী ও সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা জরুরি। এসব বিষয় বিবেচনায় নিয়ে সড়ক, ফুটপাত ও ড্রেনের সমন্বিত উন্নয়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সড়ক উন্নয়নের পাশাপাশি বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধনে গুরুত্ব দেওয়া হচ্ছে। সড়ক উন্নয়নের সঙ্গে জলাবদ্ধতা নিরসনের বিষয়টিও ওতপ্রোতভাবে জড়িত। তাই নতুন সড়ক নির্মাণ ও সংস্কারের সময় কার্যকর ড্রেনেজ ব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

উন্নয়নকাজের মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে ডা. শাহাদাত হোসেন বলেন, জনগণের অর্থে এসব প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। তাই প্রতিটি টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। কাজের গুণগত মানের সঙ্গে কোনো আপস করা যাবে না। পাশাপাশি নির্মিত সড়ক, ড্রেন ও ফুটপাত নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে।

নগরবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, ফুটপাত দখল, ড্রেনে ময়লা ফেলা কিংবা সৌন্দর্যবর্ধনের অবকাঠামো নষ্ট করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। সিটি কর্পোরেশন অবকাঠামো নির্মাণ করবে, আর নগরবাসী সচেতনভাবে তা সংরক্ষণ করবেন। তাহলেই একটি সুন্দর ও বাসযোগ্য নগরী গড়ে তোলা সম্ভব হবে।

তিনি জানান, চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডেই পর্যায়ক্রমে সড়ক, ড্রেন, ফুটপাত, খেলার মাঠ, পার্ক ও অন্যান্য নাগরিক সুবিধার উন্নয়ন করা হবে। নগরবাসীর সহযোগিতা নিয়ে চট্টগ্রামকে একটি আধুনিক, নিরাপদ ও মানবিক নগরী হিসেবে গড়ে তোলাই তাঁদের লক্ষ্য।

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন