
নিউজগার্ডেন ডেস্কঃ দেশের আইন সংস্কার প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে দ্যা নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টস (নিলস) ও লিগ্যাল এমপাওয়ারম্যান্ট বাংলাদেশ (এলইবি) যৌথভাবে আয়োজন করছে “নিলস-এলইবি জাতীয় ছায়া আইনসভা ২০২৫”। আগামী ২৩ ও ২৪ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য এই আয়োজন আইন, নীতি ও বিচারব্যবস্থার প্রতি আগ্রহী শিক্ষার্থীদের জন্য একটি ব্যতিক্রমী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে তারা বাস্তবিক আইন প্রণয়ন ও সংশোধনের অভিজ্ঞতা অর্জন করবেন।
এই ছায়া আইনসভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা যুব সংসদ সদস্য হিসেবে একত্রিত হয়ে দুইটি গুরুত্বপূর্ণ আইন— দুর্নীতি দমন ও অর্থ পাচার প্রতিরোধ সংক্রান্ত আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন—নিয়ে আলোচনা, বিশ্লেষণ ও সংশোধনের প্রস্তাব উপস্থাপন করবেন। বর্তমান সময়ে এই দুইটি আইন বহুল আলোচিত ও বিতর্কিত, এবং বাস্তব প্রয়োগের ক্ষেত্রে নানা চ্যালেঞ্জ বিদ্যমান। শিক্ষার্থীদের বিশ্লেষণ ও সুপারিশের মাধ্যমে আইন সংস্কারের প্রয়োজনীয় দিকগুলো আরও স্পষ্ট হয়ে উঠবে, যা ভবিষ্যৎ নীতিনির্ধারণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এই আয়োজন শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং একটি শিক্ষামূলক উদ্যোগ যেখানে শিক্ষার্থীরা নীতি প্রণয়নের জটিলতা, আইন সংস্কারের বাস্তব চিত্র এবং বিচারব্যবস্থার কার্যপ্রণালী সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করবেন। অংশগ্রহণকারীরা নীতি নির্ধারণের বিভিন্ন স্তর, আইনের ভাষা ও কাঠামোগত বিশ্লেষণ, এবং সংসদীয় বিতর্কের কৌশল সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। পাশাপাশি, দেশের শীর্ষস্থানীয় আইনবিদ ও বিশেষজ্ঞদের সান্নিধ্যে থেকে তারা আইন ও বাংলাদেশের জাতীয় সংসদ নিয়ে গভীরতর জ্ঞান লাভের সুযোগ পাবেন।
দেশের যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের যেকোনো বিভাগের শিক্ষার্থীরা এই ছায়া আইনসভায় যুব সংসদ সদস্য হিসেবে অংশ নিতে পারবেন। যারা আইন ও নীতির প্রতি আগ্রহী, ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চান এবং আইন সংশোধনের মাধ্যমে সামাজিক পরিবর্তনে অবদান রাখতে ইচ্ছুক, তাদের জন্য এটি একটি অনন্য সুযোগ।
এই ব্যতিক্রমী আয়োজনে অংশ নিতে এবং বিস্তারিত তথ্য জানতে NILS Chittagong University Chapter বা Legal Empowerment Bangladesh – LEB এর অফিশিয়াল ফেইসবুক পেইজে চোখ রাখুন।









