‘শাহ আমানত (রহ) ইসলাম ধর্ম প্রচারে নিজেকে নিবেদন করেছিলেন’

নিউজগার্ডেন ডেস্ক: আমানত খান (রহ.)’র সাজ্জাদানশীন মোতওয়াল্লী শাহসুফি আলহাজ্ব শাহজাদা সৈয়দ মুহাম্মদ এনায়েত উল্লাহ খান (ম.জি.আ) বলেছেন, মহান সাধক সুফী হযরত শাহ আমানত (রহ) ইসলাম ধর্ম প্রচার এবং আল্লাহর সাধনায় নিজেকে নিবেদন করেছিলেন। তিনি সাদাসিধে জীবন-যাপন করতেন। তার আচার ব্যবহার, চলাফেরা, কথাবার্তায় অমায়িকভাব থাকার কারণে লোকজন তাকে মিয়া সাহেব বলে সম্বোধন করতেন। অল্প আহার, অধিক ইবাদত করা ছিল তাঁর করণীয় কার্যাবলীর মধ্যে অন্যতম। ভক্তদের তিনি হালাল উপার্জন, সত্য জীবন-যাপন, সংযমী এবং ইবাদতে মশগুল থাকার পরামর্শ দিতেন।

তিনি আজ ২৮ মে (বুধবার) বাবাজান কেবলা হয়রত শাহসুফি আমানত খান (রহ.) এর পবিত্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে সারাদিনব্যাপি বিভিন্ন ধর্মীয় মাহফিল, কোরান তেলওয়াত, খতমে খাজেগান, মিলাদ, আলোচনা সভা ও মুনাজাত পরিচালনার সময় এসব কথা বলেন।

এনায়েত উল্লাহ খান বলেন, কেয়ামত পর্যন্ত দিশেহারা মানুষের সংস্কার সাধনে যুগে যুগে আবির্ভূত হবেন আউলিয়া ও বুজুর্গানে দ্বীন। আত্ম-অহমিকা, হিংসা, ক্রোধ, বিদ্বেষ, হানাহানি, অনৈতিক-অনৈসলামিক কার্যকলাপের দরুন বর্তমানে বিশ্বে অস্থিরতা, যুদ্ধ, অশান্তি ছড়িয়ে পড়েছে। এখন সকল ভেদাভেদ দূর করতে শাহ আমানতের জীবনাদর্শ অনুসরণের বিকল্প নেই।

নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। লাখো ভক্তের অংশগ্রহণে দেশ-জাতি ও মুসলিম বিশ্বের কল্যাণে মুনাজাত পরিচালনা করেছেন শাহজাদা সৈয়দ মুহাম্মদ এনায়েত উল্লাহ খান (ম.জি.আ)। মোনাজাতে বাংলাদেশসহ বিশ্বের সব দেশকে বিভিন্ন সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে এবং এ বিভিন্ন রোগীদের আরোগ্য কামনা করে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক কামরুল হুদা, শাহজাদা আহমদ উল্লাহ, শাহজাদা হাফেজ মাহমুদুল্লাহ খান, শাহজাদা নুরুল্লা খান, শাহজাদা আহসান উল্লাহ খান, মো: ফিরোজ প্রমুখ।

মন্তব্য করুন