ঢাকায় শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে কক্সবাজার সিটি কলেজে বিক্ষোভ সমাবেশ

নিউজগার্ডেন ডেস্ক: রাজধানী ঢাকায় শিক্ষকদের ওপর পুলিশি হামলা ও জলকামান ব্যবহারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে কক্সবাজার সিটি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এতে কলেজের শিক্ষক ও শিক্ষিকা বৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রছাত্রী ও স্থানীয় শিক্ষানুরাগীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশের শিক্ষক সমাজকে অবমূল্যায়ন ও অপমানের চরম দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে ঢাকায় ঘটে যাওয়া ঘটনায়। তারা প্রশ্ন তোলেন, “যে পুলিশ সদস্যরা শিক্ষকদের ওপর হামলা চালিয়েছে, তারা হয়তো অষ্টম শ্রেণি বা এসএসসি পাস। তারা কীভাবে জাতির মেরুদন্ড বলে পরিচিত শিক্ষকদের মাথায় লাঠি চালাতে পারে?”

বক্তারা বলেন, “এই দেশে শিক্ষকদের কোনো মূল্য নেই। শিক্ষক সমাজ দেশের সৎ, যোগ্য ও মানবিক নাগরিক তৈরিতে জীবন উৎসর্গ করছেন, অথচ তাদের ওপর হামলা চালানো হচ্ছে এটি রাষ্ট্রের জন্য লজ্জাজনক।”

অর্থনৈতিক বৈষম্যের প্রসঙ্গ টেনে বক্তারা আরও বলেন, “আমাদের জন্য মাত্র ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধি করে কী হবে? যখন দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, অথচ তা ফেরত আনার কোনো উদ্যোগ নেই। সাধারণ শিক্ষকরা ন্যায্য প্রাপ্য ও সম্মান বঞ্চিত থেকে জীবনযাপন করছেন।”

সমাবেশে শিক্ষকরা দাবি জানান, ঢাকায় শিক্ষকদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি, শিক্ষকদের বেতন কাঠামো ও ভাতা পুনর্র্নিধারণ করে সম্মানজনক জীবনযাপনের নিশ্চয়তা দিতে হবে।

শিক্ষকরা আরও বলেন, শিক্ষক সমাজ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার নয়। তারা দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ার কারিগর। তাই শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব।
সমাবেশ শেষে শিক্ষকরা শান্তিপূর্ণভাবে ক্যাম্পাস প্রাঙ্গণ প্রদক্ষিণ করেন এবং “শিক্ষকদের ওপর হামলার বিচার চাই”, “শিক্ষকদের সম্মান ফেরাও”, “শিক্ষক সমাজ ঐক্যবদ্ধ” এসব স্লোগানে ক্যাম্পাস মুখরিত করে তোলেন।

বক্তারা জানান, শিক্ষক সমাজের ওপর এমন হামলার পুনরাবৃত্তি হলে সারা দেশে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। এসময় উপস্থিত ছিলেন এস এম আকতার উদ্দীন চৌধুরী ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোপালকৃষ্ণ দাস, অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসাব বিজ্ঞান বিভাগ। শাহনুর আক্তার অধ্যাপক ও বিভাগীয় প্রধান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সাইফুল ইসলাম সরকারি অধ্যাপক আশফাকুর রহমান সহযোগী অধ্যাপক, রসায়ন। আরিফুল ইসলাম সহযোগী অধ্যাপক গণিত বিভাগ, জুলফিকার আলী সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান দর্শন বিভাগ জাবুন্নেসা সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান পদার্থবিজ্ঞান বিভাগ মইনুল ইসলাম পলাশ সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ।

মন্তব্য করুন