
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনাল (এনসিটি) বিষয়ে চলমান চুক্তি প্রক্রিয়া মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বন্ধ রাখতে মৌখিক নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন বেঞ্চ এ নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষও আদালতকে সকল কার্যক্রম বন্ধ রাখার আশ্বাস দিয়েছে।
রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।
এর আগে গত ৩০ জুলাই হাইকোর্ট এনসিটি পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার প্রক্রিয়া কেন বেআইনি ঘোষণা করা হবে না—এ মর্মে রুল দেন। একই সঙ্গে অপারেটর নিয়োগের আগে সংশ্লিষ্ট আইন মেনে ন্যায্য ও প্রতিযোগিতামূলক টেন্ডার আহ্বান নিশ্চিত করতে নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চান আদালত।
বিদেশি প্রতিষ্ঠানের কাছে এনসিটি হস্তান্তর প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন রিট আবেদন করেন। রিটে নৌ-সচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।









