
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামে দৈনিক সবুজ বাংলা পত্রিকার তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গণমাধ্যমকর্মী, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও সুধীজনের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) বিকাল সাড়ে ৩টায় চট্টগ্রাম ব্যুরো অফিসের উদ্যোগে নগরীর ঐতিহ্যবাহী আন্দরকিল্লায় অবস্থিত বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি কার্যালয়ে, সিটি কর্পোরেশন শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের স্বাগত জানান দৈনিক সবুজ বাংলা পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান রুপম ভট্টাচার্য।
সুশৃঙ্খল ও প্রাণবন্ত উপস্থাপনার মাধ্যমে পুরো আয়োজনটি সঞ্চালনা করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডিও বেতারের পরিচালক মোহাম্মদ মাহাফুজুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, একটি গণমাধ্যম কেবল সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, বরং সমাজ গঠনের অন্যতম চালিকাশক্তি। দৈনিক সবুজ বাংলা অল্প সময়ের মধ্যেই যে বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে, তা প্রশংসার দাবিদার। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও পত্রিকাটি দেশ ও জাতির স্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিউজগার্ডেন সম্পাদক কামরুল হুদা, দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল ও দৈনিক ভোরের ডাক;র ব্যুরো প্রধান কিরন শর্মা।
বক্তারা বলেন, গণমাধ্যমের কলম সমাজকে আলোকিত করার শক্তিশালী হাতিয়ার। সত্য, সৌন্দর্য ও মানবিক মূল্যবোধ তুলে ধরার মাধ্যমে দৈনিক সবুজ বাংলা পাঠকের মন জয় করতে পেরেছে।
বক্তারা আরো বলেন, রাষ্ট্র ও সমাজের নানা সংকটে দায়িত্বশীল সাংবাদিকতা মানুষকে সঠিক পথে দিকনির্দেশনা দেয় এবং গণতন্ত্রকে শক্তিশালী করে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক যুগ্ম সচিব পিজুস দত্ত, দৈনিক সকালের সময়ের স্পেশাল করেসপন্ডেন্ট এস এম পিন্টু, সঙ্গীতশিল্পী ও বেতার সদস্য স্বপন কুমার দাশ, চট্টলার কণ্ঠের সিনিয়র এডিটর কমল চক্রবর্তী, সাংবাদিক এম আর আমিন।
বক্তারা সবাই এককণ্ঠে বলেন, দৈনিক সবুজ বাংলা প্রতিষ্ঠালগ্ন থেকেই বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকসমাজে আস্থা ও বিশ্বাস সৃষ্টি করেছে। তারা নতুন বাংলাদেশ বিনির্মাণে সাহসী, নৈতিক ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, সত্য প্রকাশে আপসহীন থাকার মাধ্যমেই গণমাধ্যম তার মর্যাদা ধরে রাখতে পারে।
অনুষ্ঠানে উপস্থাপকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার শীমা নাসরিন, যিনি তার সাবলীল বক্তব্য ও উপস্থাপনায় অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করেন। পাশাপাশি পুরো অনুষ্ঠান পরিচালনা, আয়োজনের পরিকল্পনা ও সার্বিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দৈনিক সবুজ বাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার মুহাম্মদ এমদাদুল হক মুনতাসির।
অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, কবি, লেখক, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, সুধীজন এবং দৈনিক সবুজ বাংলা পত্রিকার নিয়মিত পাঠকবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত ও অর্থবহ হয়ে ওঠে। আলোচনা পর্বে অতিথিরা দৈনিক সবুজ বাংলার অগ্রযাত্রার স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যৎ পথচলায় পত্রিকাটির সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে কেক কাটার মাধ্যমে দৈনিক সবুজ বাংলা পত্রিকার তৃতীয় বর্ষে পদার্পণ উদযাপন করা হয়।
আনন্দঘন পরিবেশে সবাই একে অপরকে শুভেচ্ছা জানান এবং দৈনিক সবুজ বাংলা পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘ পথচলার প্রত্যাশা ব্যক্ত করেন। পুরো আয়োজনটি গণমাধ্যমে পেশাদারিত্ব, সৌহার্দ্য ও দায়বদ্ধ সাংবাদিকতার এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উপস্থিত সকলের মনে গভীর ছাপ ফেলে।









