চবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ড. খবির উদ্দিন আহমেদ ন্যাশনাল মুট কোর্ট কম্পিটিশন

নিউজগার্ডেন ডেস্ক: সোসাইটি ফর ক্রিটিকাল লিগ্যাল স্টাডিজ- এসসিএলএস-এর আয়োজনে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে “প্রফেসর ড. খবির উদ্দিন আহমেদ ন্যাশনাল মুট কোর্ট কম্পিটিশন ২০২৬”। আগামী ৫ ও ৬ জুন ২০২৬ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে দুই দিনব্যাপী এই জাতীয় পর্যায়ের আইনভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এবারের মুট কোর্ট কম্পিটিশনের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে “ইন্টারন্যাশনাল হিউম্যানিটারিয়ান ল”।
দেশের আইন শিক্ষার্থীদের অন্যতম গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের স্বনামধন্য ৪২টি বিশ্ববিদ্যালয়ের ৬৩টি দল লিখিত মেমোরিয়াল জমা দিয়েছে। জমাকৃত মেমোরিয়াল যাচাই-বাছাই শেষে ১৬টি দল মৌখিক সাবমিশনের জন্য নির্বাচিত হয়েছে।
দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা মোট চারটি ধাপে অনুষ্ঠিত হবে। ধাপগুলো হলো—প্রিলিমিনারি রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল। নির্বাচিত দলগুলো এসব ধাপে আইনি গবেষণা, বিশ্লেষণ, যুক্তিনির্ভর উপস্থাপনা এবং আদালতকেন্দ্রিক সাবমিশনের মাধ্যমে নিজেদের মেধা ও দক্ষতা প্রদর্শন করবে।
উক্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি রেজাউল করিম।
এছাড়া বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মোহাম্মদ শামিম উদ্দিন খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, বাংলাদেশের মাননীয় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জনাব আরশাদূর রউফ এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন) ও জেলা ও দায়রা জজ এ.ই.এম. ইসমাইল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ড. মো. জাফর উল্লাহ তালুকদার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার বেলায়েত হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলএল.এম. অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার শাহ মুহাম্মদ ইজাজ রহমান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট ও ইস্টার্ন ইউনিভার্সিটির আইন অনুষদের সম্মানিত ডিন এ.বি.এম. ইমদাদুল হক খান।
উক্ত প্রতিযোগিতার টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে সিটি ব্যাংক। এছাড়া কো-স্পন্সর হিসেবে রয়েছে ব্যাংক এশিয়া, এনআরবি ব্যাংক, জুরিস কনসোর্টিয়াম, বিএসআরএম এবং এশিউরেন্স মেরিটাইম ল ফার্ম।
আয়োজকদের মতে, এই প্রতিযোগিতা দেশের আইন শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে তারা আইনি জ্ঞান, গবেষণা, বিশ্লেষণ ক্ষমতা, সমালোচনামূলক চিন্তা এবং যুক্তিনির্ভর বিতর্কে নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পাবে। বিশেষ করে এবারের প্রতিপাদ্য বিষয় ইন্টারন্যাশনাল হিউম্যানিটারিয়ান ল তরুণ আইন শিক্ষার্থীদের আন্তর্জাতিক আইন, সশস্ত্র সংঘাত, মানবিক সুরক্ষা ও মানবাধিকার সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে গভীরভাবে চিন্তা ও বিশ্লেষণের সুযোগ করে দেবে।
সোসাইটি ফর ক্রিটিকাল লিগ্যাল স্টাডিজ-এসসিএলএস আশা করছে, এই জাতীয় পর্যায়ের মুট কোর্ট প্রতিযোগিতা দেশের আইন শিক্ষার মানোন্নয়ন, তরুণ আইন শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ আইনজীবী ও বিচারব্যবস্থার নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন