চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষের মাঝে বিজিএমইএ’র ত্রাণ সামগ্রী বিতরণ

নিউজগার্ডেন ডেস্ক: বৃহত্তর চট্টগ্রামে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

এরই ধারাবাহিকতায় বুধবার (১৫ জুলাই) চট্টগ্রাম জেলার বাঁশখালী ও সাতকানিয়া উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন বিজিএমইএ’র বিভিন্ন স্থায়ী কমিটির চেয়ারম্যান ওদুদ মোহাম্মদ চৌধুরী, কাজী মো. শফিকুল ইসলাম (টিটু), আরশাদ-উর-রহমান ও বশির উদ্দিন আহমেদ এবং বিজিএমইএ’র কর্মকর্তাবৃন্দ।

বাঁশখালী উপজেলার পশ্চিম গুনাগরী, কালিপুর, গন্ডামারা ও ছনুয়া ইউনিয়ন এবং সাতকানিয়া উপজেলার চরতি, আমিলাইষ, নলুয়া, কাঞ্চনা, এওচিয়া ও মাদার্শা ইউনিয়নে বন্যাদুর্গত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিড়া, আলু, সাবানসহ প্রয়োজনীয় খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

উল্লেখ্য, গত ১৪ জুলাই বিজিএমইএ’র পক্ষ থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী-এর নিকট ২০০ বস্তা ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়। ত্রাণ গ্রহণকালে কমিশনার বিজিএমইএ’র এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনটির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ত্রাণ সামগ্রী দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের নিকট সুষ্ঠু, স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে পৌঁছে দেওয়ার আশ্বাস প্রদান করেন।

বিজিএমইএ’র নেতৃবৃন্দ বলেন, বন্যাকবলিত এলাকায় সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ প্রত্যক্ষ করার সুযোগ হয়েছে। অনেক পরিবার এখনও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। আমরা বিশ্বাস করি, এ ধরনের দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের সমন্বিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দায়িত্ববোধ থেকেই বিজিএমইএ মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে এবং প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে।

তারা আরও বলেন, বিজিএমইএ শুধু তৈরি পোশাক শিল্পের উন্নয়নেই নয়, সামাজিক ও মানবিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়ানো বিজিএমইএ’র অন্যতম অঙ্গীকার এবং ভবিষ্যতেও দেশের যেকোনো দুর্যোগে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, আগামীকাল (১৬ জুলাই) বিজিএমইএ’র পক্ষ থেকে চট্টগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম-এর নিকট আরও ২০০ বস্তা ত্রাণ সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে, যা জেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করা হবে।

মন্তব্য করুন