
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, “তাকওয়া, নৈতিকতা ও চরিত্রের মাধুর্যই ইসলামী আন্দোলনের কর্মীদের আসল পুঁজি। একজন কর্মীর ব্যক্তিগত জীবন, সামাজিক আচরণ ও সাংগঠনিক দায়িত্ব পালনে ইসলামের আদর্শের প্রতিফলন ঘটাতে হবে। আদর্শবান কর্মীবাহিনীই সমাজ পরিবর্তন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রধান শক্তি।”
শনিবার (২৬ জুলাই) নগরীর দি কিং অব চিটাগং কনভেনশন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, পাঁচলাইশ থানা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সময়ে ইসলামী আন্দোলনের কর্মীদের ধৈর্য, সততা, দায়িত্বশীলতা ও জনসেবার মানসিকতা নিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের আস্থা অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভই একজন কর্মীর মূল লক্ষ্য হওয়া উচিত। তিনি সকল কর্মীর প্রতি সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে ইসলামী আন্দোলনের দাওয়াত ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সাবেক আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি বলেন, চট্টগ্রামের জন্য সৎ, দক্ষ ও জনবান্ধব ব্যক্তিদেরই মেয়র ও কাউন্সিলর প্রার্থী করা হয়েছে। তিনি বলেন, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর সহকর্মী ও যোগ্য উত্তরসূরি ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি একজন যোগ্য প্রার্থী হিসেবে জনগণের আস্থা অর্জন করেছেন। একইভাবে ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডের তরুণ কাউন্সিলর প্রার্থী নতুন প্রজন্মের ভোটারদের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলেছেন।
চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, সাম্প্রতিক জলাবদ্ধতার সময় জামায়াতের প্রার্থীরা নগরীর ৪১টি ওয়ার্ডে মানুষের পাশে দাঁড়িয়ে জনআস্থা অর্জন করেছেন। তিনি বলেন, মেয়র প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী তার দক্ষতা, সততা ও গ্রহণযোগ্যতার কারণে নগরবাসীর প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছেন।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ও মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী বলেন, নির্বাচিত হলে চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে টেকসই ও সুদূরপ্রসারী পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। পাশাপাশি একটি পরিচ্ছন্ন, নিরাপদ, নাগরিকবান্ধব ও আধুনিক চট্টগ্রাম গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন বলে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।
পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ও ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা খায়রুল বশর, ফয়সল মোহাম্মদ ইউনুস, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান এবং ড. আ ম ম মাসরুর হোসাইন।
থানা সেক্রেটারি মাওলানা মফিজুল হকের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন থানা নায়েবে আমীর সোলায়মান চৌধুরী, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড আমীর তাওহীদুল ইসলাম আজাদ, ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ড আমীর কাজী আব্বাস আলী, ইঞ্জিনিয়ার আরিফুল হোসাইন, মাওলানা আব্দুর রহিম, জাহান উদ্দিন, আজিজুল হক, আবু নাসের মো. শাফিউল আজিম মন্টি, মাওলানা আবুল ফয়েজ, ইঞ্জিনিয়ার আবুল কালাম, আব্দুল মালেক, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আনিছুর রহমান চৌধুরী, ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মুহাম্মদ ইলিয়াস আরব, ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কামরুল হুদা, মুহাম্মদ ইসমাইল, শহীদুল্লাহ তালুকদার, ইমরান সিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলনে পাঁচলাইশ থানার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক দায়িত্বশীল, কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।









