
নিউজগার্ডেন ডেস্ক: নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ শুক্রবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) উদযাপন করা হয়েছে ‘বিশ্ব ডিম দিবস-২০২৬’। ডিম দিবসের এবারের প্রতিপাদ্য ‘প্রোটিন যা শক্তি জোগায় এবং সুরক্ষা দেয়’।
সিভাসু’র ডেইরি ও পোল্ট্রি বিজ্ঞান বিভাগ, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল এবং ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখার যৌথ উদ্যোগে দিবসটি উযপান করা হয়। ‘বিশ্ব ডিম দিবস-২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, সুলভমূল্যে ডিম বিক্রয়, সিদ্ধ ডিম বিতরণ ও আলোচনাসভা।
সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বিশ্ব ডিম দিবসের কর্মসূচি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরীর নেতৃত্বে শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এরপর শুরু হয় সুলভমূল্যে ডিম বিক্রয় এবং সিদ্ধ ডিম বিতরণ কর্মসূচি। সুলভমূল্যে ডিম বিক্রয় এবং সিদ্ধ ডিম বিতরণ শেষে সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ‘বিশ্ব ডিম দিবস-২০২৬’ এর আলোচনাসভা।
আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দিন, ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো: আহসানুল হক এবং চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ দপ্তরের জেলা ট্রেনিং অফিসার ডা. মোহাম্মদ মতিউর রহমান। সভাপতিত্ব করেন ডেইরি ও পোল্ট্রি বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. মো: সাইফুল বারী।
আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক প্রফেসর ড. এ. কে. এম. হুমায়ুন কবির। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিচালক (ফার্ম) প্রফেসর ড. মোহাম্মদ আবুল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী বলেন, ডিম হচ্ছে সবচেয়ে সহজলভ্য, সাশ্রয়ী এবং উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাদ্য। আর একটি সুস্থ, সবল ও মেধাবী জাতি গঠনে ডিমের ভূমিকা অনস্বীকার্য। তাই ডিমের উৎপাদন বাড়াতে হবে। পাশাপাশি ডিমকে নানাভাবে প্রসেস করে মানুষের কাছে পৌঁছে দিতে হবে।









