ভাড়া নিয়ে বিরোধ, চট্টগ্রামে সিএনজি চালককে মারধরের অভিযোগ, পুলিশের উপস্থিতিতে ক্ষমা

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম নগরীতে সিএনজি অটোরিকশার ভাড়া নিয়ে বিরোধের জেরে এক চালককে মারধরের অভিযোগ উঠেছে নগর আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য আবদুস ছালামের মেয়ের জামাতা সাজিদ ইমাম চৌধুরী এবং তাঁর সঙ্গে থাকা আকবর নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
এ ঘটনায় পুলিশের হস্তক্ষেপে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। পরে পুলিশের উপস্থিতিতে সিএনজি চালকের কাছে ক্ষমা চান সাজিদ ইমাম চৌধুরী। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও অঙ্গীকার করেন তিনি।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে নগরীর আলকরণ এলাকা থেকে লাভলেইন যাওয়ার জন্য একটি সিএনজি অটোরিকশা ভাড়া করেন সাজিদ ইমাম চৌধুরী। গন্তব্যে পৌঁছানোর পর ভাড়া পরিশোধ নিয়ে চালক রমজান আলীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাজিদ ইমাম চৌধুরী ও তাঁর সঙ্গে থাকা আকবর চালককে মারধর করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে চালককে তাঁদের হাত থেকে উদ্ধার করেন।

ঘটনার পর সিএনজি চালক রমজান আলী আসকার দীঘি পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য শোনে।

আসকার দীঘি পুলিশ ফাঁড়ির এএসআই সিরাজুল ইসলাম জানান, সিএনজি চালককে মারধরের অভিযোগ পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। সেখানে সাজিদ ইমাম চৌধুরীর বক্তব্য শোনার পর উভয় পক্ষকে নিয়ে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়। এ সময় সাজিদ ইমাম চৌধুরী চালকের কাছে ক্ষমা চান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে অঙ্গীকার করেন।

উল্লেখ্য, সাজিদ ইমাম চৌধুরী নগরীর লাভলেইন মোড়ের স্বরণিকা কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী জাস্টিস ইমাম হোসেন চৌধুরীর নাতি। তাঁর বিরুদ্ধে এর আগেও ওই কমিউনিটি সেন্টারের দারোয়ান ও অফিস স্টাফদের মারধরের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

মন্তব্য করুন