
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামকে আধুনিক, সুশৃঙ্খল ও ব্যবসাবান্ধব বাণিজ্যনগরী হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও সংস্থার সঙ্গে আলোচনা এবং সমন্বয়ের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চেম্বার সভাপতি আমিরুল হক।
রোববার (৯ নভেম্বর) দুপুরে নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে চট্টগ্রামের বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় নগরীর বিভিন্ন মার্কেট ও শপিংমলের ব্যবসায়ীরা তাদের নানা সমস্যা ও দাবি তুলে ধরেন। এসব সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে চেম্বার সভাপতি বলেন, ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষা, ব্যবসা পরিচালনার প্রতিবন্ধকতা দূরীকরণ এবং চট্টগ্রামের বাণিজ্যিক কার্যক্রমকে আরও গতিশীল করতে চেম্বার সবসময় ব্যবসায়ী সমাজের পাশে রয়েছে। মার্কেট অ্যাসোসিয়েশনগুলোর উত্থাপিত সমস্যাগুলো সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও সংস্থার সঙ্গে আলোচনা করে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, একটি পরিচ্ছন্ন, যানজটমুক্ত, হকারমুক্ত ও ব্যবসাবান্ধব বাণিজ্যনগরী গড়ে তুলতে ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রশাসনের ডিলিং লাইসেন্সের নামে ব্যবসায়ীদের হয়রানি বন্ধ এবং যত্রতত্র মেলার অনুমতি প্রদানের বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের স্বার্থে পূর্বের ন্যায় প্যাকেজ ভ্যাট ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কাজ করবে চেম্বার।
মার্কেট ও শপিংমলগুলোতে নিজস্ব উদ্যোগ ও ব্যবস্থাপনায় ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের আহ্বান জানিয়ে আমিরুল হক বলেন, এর মাধ্যমে মার্কেটগুলোর নিজস্ব বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি নেট মিটারিং ব্যবস্থায় আর্থিকভাবেও লাভবান হওয়ার সুযোগ রয়েছে। এতে বিদ্যুৎ ব্যবস্থাপনায় স্বনির্ভরতা বাড়বে এবং নির্দিষ্ট সময়ে মার্কেট বন্ধ রাখার বাধ্যবাধকতাও থাকবে না।
সভায় বিভিন্ন মার্কেট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, কোনো ধরনের ট্যাক্স-ভ্যাট পরিশোধ না করে হকারদের যত্রতত্র ফুটপাত ও সড়ক দখলের কারণে ক্রেতা-বিক্রেতাদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এতে নিয়মিত কর ও ভ্যাট প্রদানকারী বৈধ ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণে সমন্বিত উদ্যোগের মাধ্যমে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা এবং হকারমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।
এছাড়া ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য পূর্বের ন্যায় প্যাকেজ ভ্যাট ব্যবস্থা চালু, ডিলিং লাইসেন্স ও মোবাইল কোর্টের নামে হয়রানি বন্ধ এবং যত্রতত্র মেলা আয়োজনের অনুমতি না দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন ব্যবসায়ী নেতারা। সরকারি ছুটির দিনে এলাকাভিত্তিক মার্কেট বন্ধ রাখার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা প্রদানের জন্যও চেম্বার সভাপতির হস্তক্ষেপ চান তারা।
চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী বলেন, ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানসহ সব শ্রেণির ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় চেম্বার কাজ করে যাচ্ছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যেকোনো যৌক্তিক সমস্যা সমাধানে চেম্বার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। ভবিষ্যতেও ব্যবসায়ী সমাজের কল্যাণে চেম্বারের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চেম্বারের প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি এম. এ. ছালাম, পরিচালক মো. আফসার হাসান চৌধুরী (জসিম), আসাদ ইফতেখার, সহ-সভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন, পরিচালক এস. এম. সাইফুল আলম, কামাল মোস্তফা চৌধুরী, মোহাম্মদ নুরুল ইসলাম ও মো. সেলিম নুর।
এছাড়া টেরিবাজার দোকান মালিক সমিতির সভাপতি এম. এ. মান্নান, ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল আলম, সেন্ট্রাল প্লাজা ব্যবসায়ী সমিতির মনির হোসেন, তামাকুমন্ডি লেইন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বাংলাদেশ দোকান মালিক সমিতির সদস্য নজরুল ইসলাম মামুন, হোটেল রেস্তোরাঁ মালিক কল্যাণ সমিতির সভাপতি ইলিয়াস আহম্মেদ ভূঁইয়া, আজম খান, পুলিশ প্লাজা দোকান মালিক সমিতির উপদেষ্টা মো. শামীম, সিজলের চেয়ারম্যান মো. নুরুল আলমসহ বিভিন্ন মার্কেট অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









