
স্বামী-শাশুড়িসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারে পুলিশের অভিযান
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারায় পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে এক গৃহবধূকে মারধর, শ্বাসরোধে হত্যাচেষ্টা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় গৃহবধূর মা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে আনোয়ারা থানায় মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে ১০ লাখ টাকা দেনমোহর ধার্য করে বাদী চেমন আরা বেগমের মেয়ে নাজমিন সুলতানা ওরফে জবার সঙ্গে তৌহিদুল ইসলামের বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতায় মেয়ের পরিবারের প্রায় ৯ লাখ টাকা ব্যয় হয়।
অভিযোগ অনুযায়ী, বিয়ের পর থেকেই তৌহিদুল তাঁর মায়ের প্ররোচনায় বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া-বিবাদ শুরু করেন। একপর্যায়ে স্ত্রীর পরিবারের কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। দাবিকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে গৃহবধূকে মারধর ও বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
এজাহারে উল্লেখ করা হয়, গত ৮ নভেম্বর দুপুর ১২টার দিকে যৌতুকের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আসামিরা গৃহবধূকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন।
পরদিন ৯ নভেম্বর দুপুর ১টার দিকে গৃহবধূর ভাই ইকবালসহ কয়েকজন স্বজন তাঁর শ্বশুরবাড়িতে যান। সেখানে নির্যাতনের কারণ জানতে চাইলে আসামিরা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার ও গালিগালাজ করেন। এর প্রতিবাদ করায় গৃহবধূকে আবারও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় এক আসামি তাঁর চুলের মুঠি ধরে টানাহেঁচড়া ও কাপড় ছিঁড়ে শ্লীলতাহানি করেন। অন্য এক আসামি গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া গৃহবধূর গলায় থাকা আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
পরে আশপাশের লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মামলা করলে তালাক দেওয়াসহ বিভিন্ন ধরনের ক্ষতিসাধনের হুমকি দিয়ে গৃহবধূকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তাঁর মা। পরে আহত অবস্থায় তাঁকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় অভিযুক্তরা হলেন—তৌহিদুল ইসলাম (৩২), মো. শহীদ (২৬), জমানা খাতুন (৫২), ইমু আক্তার (২৬) ও শামসুন নুর (৫০)।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(গ) ধারায় দায়ের করা মামলাটির নম্বর ২১।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন জানান, অভিযোগের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে কাজ চলছে।
ওসি জুনায়েত চৌধুরী জানান, মামলা রেকর্ড হওয়ার পর অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।








