
নিউজগার্ডেন ডেস্ক: আল-আমিন সংঘের ব্যবস্থাপনায় সুশৃঙ্খল আয়োজন প্রথম ধাপে অংশ নিল ৭২০ শিক্ষার্থী, পর্যায়ক্রমে অংশ নেবে ১৭ হাজার। পেকুয়া গার্লস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আজ বিকেলে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ১৫তম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি পরীক্ষা ২০২৫। পেকুয়ায় শিক্ষার মানোন্নয়নে নিয়োজিত সংগঠন আল-আমিন সংঘ বরাবরের মতো এবারও অত্যন্ত সফলভাবে পরীক্ষার প্রথম ধাপের আয়োজন করে।
এদিন বিভিন্ন স্কুলের মোট ৭২০ জন ছাত্রী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কেন্দ্রজুড়ে অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এক অনন্য উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, সংগঠনের স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পরীক্ষার সার্বিক তদারকিতে ভূমিকা রাখেন।
আয়োজকরা জানান, এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান, শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। তারা আরও জানান, আজকে পেকুয়ায় ৭২০ জন অংশ নিলেও পর্যায়ক্রমে বিভিন্ন এলাকার প্রায় ১৭ হাজার ছাত্রী এই বৃত্তি পরীক্ষায় অংশ নেবে। এত ব্যাপক পরিসরে বৃত্তি পরীক্ষা আয়োজন বর্তমান সময়ে বিশেষ গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় উদ্যোগ।
একজন অভিভাবক পরীক্ষাকেন্দ্রে এসে অনুভূতি প্রকাশ করে বলেন, “আমাদের সন্তানদের জন্য এ ধরনের বৃত্তি পরীক্ষা খুবই সহায়ক। তারা পড়ালেখায় আরও মনোযোগী হয়। আল-আমিন সংঘ নিয়মিতভাবে যেভাবে উদ্যোগ নিচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।”
আল-আমিন সংঘের পরিচালক জহির উদ্দীন মজুমদার বলেন, “আমরা চেষ্টা করছি পেকুয়ার শিক্ষার্থীদের মানোন্নয়নে দীর্ঘমেয়াদি অবদান রাখতে। প্রতিবছর আমরা এই বৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকি। এবার পরীক্ষার পরিধি আরও বাড়ানো হয়েছে। মোট ১৭ হাজার শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষার আওতায় আনার লক্ষ্য নিয়েই কাজ করছি। পরীক্ষার প্রতিটি ধাপ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও মানসম্মতভাবে সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি।”
তিনি আরও বলেন, “শিক্ষা হলো জাতির ভিত্তি। তাই শিক্ষার্থীদের মাঝে মেধা বিকাশ, শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও নৈতিকতার বিকাশ ঘটাতে আমরা নিয়মিত এ ধরনের আয়োজন চালিয়ে যাব।”
পরীক্ষা শেষে শিক্ষার্থী ও অভিভাবকেরা সন্তুষ্টি প্রকাশ করে বলেন যে, পরীক্ষা পরিবেশ ছিল অত্যন্ত সুশৃঙ্খল, নিরাপদ এবং উপযোগী। আল-আমিন সংঘের সদস্যরা সার্বক্ষণিক সহযোগিতায় নিয়োজিত থাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা অসুবিধার সৃষ্টি হয়নি।
আগামী দিনগুলোতে বৃত্তি পরীক্ষার দ্বিতীয় ও তৃতীয় ধাপ অনুষ্ঠিত হবে এবং সব ধাপ শেষে মূল্যায়নের পর বৃত্তি প্রাপ্তদের নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছে আল-আমিন সংঘ।









