
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের এসিস্ট্যান্ট সেক্রেটারী ও নৌ পরিবহন সেক্টর সভাপতি ইঞ্জিনিয়ার শেহাব উল্লাহ বলেছেন, শ্রমিকদের পাশে দাঁড়ানোর প্রকৃত অর্থ হলো তাদের শ্রম অধিকার নিশ্চিত করা, কল্যাণমূলক ব্যবস্থা গ্রহণ করা এবং নিয়মিত সেবার মাধ্যমে পাশে থাকা। শ্রমিকরা শুধু সহানুভূতি নয়, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা চায়।
তিনি গতকাল শুক্রবার সন্ধ্যায় বাংলা বাজারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নৌ পরিবহন ও ঘাট গুদাম সেক্টরের উদ্যোগে শীতার্ত শ্রমিকদের মাঝে শীত বস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী ২৮ নং ওয়ার্ডের আমীর কবির আহমদ বলেন, শ্রমিকদের ঘামেই দেশ এগিয়ে চলে। অথচ আজও তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তাই শ্রমিকদের পাশে দাঁড়াতে হলে লোক দেখানো কর্মসূচি নয় অধিকার, কল্যাণ ও সেবাকে কেন্দ্র করে টেকসই উদ্যোগ নিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে নৌ সেক্টরের সহ সভাপতি মাস্টার নুরুল ইসলাম বলেন, শ্রমিকদের জন্য স্বাস্থ্যসেবা, দুর্ঘটনা বিমা, সময়মতো বেতন ও নারী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও রাজনৈতিক সংগঠনগুলোর নৈতিক দায়িত্ব। আমরা শ্রমিকদের দয়া নয়, অধিকারে বিশ্বাস করি।
ঘাট গুদাম শাখার সভাপতি মো: হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নৌ সেক্টরের সেক্রেটারী মাস্টার আবু ছায়েদ , নৌ সেক্টরের অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার এমরান।
বক্তারা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত না হলে শ্রমিকসহ সাধারণ মানুষের ভোটাধিকার অর্থহীন হয়ে পড়বে। প্রশাসনিক নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং পরিকল্পিতভাবে নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করার চেষ্টা চলছে।









