জুলাই শহীদদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না: নজরুল ইসলাম

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাই যুদ্ধাহতদের নিয়ে এক সমাবেশ আজ রবিবার (২৬ জুলাই) নগর জামায়াতের দেওয়ানবাজারস্থ কার্যালয় বিআইএ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিপুল সংখ্যক জুলাই যুদ্ধাহত অংশ নেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ডা. ছিদ্দিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, নগর কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালী থানা আমীর আমির হোসাইন, হালিশহর থানা আমীর ফখরে জাহান সিরাজী সবুজ, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, সাবেক ছাত্রনেতা ও জুলাই যোদ্ধা আবরার হোসাইন রিয়াদ এবং জুলাই যুদ্ধাহত নুর হোসেন, মাহবুবুল আলম, মুজাহিদুল ইসলাম, রুবেল হোসেন প্রমুখ।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল দেশের মানুষের ন্যায়বিচার, গণতন্ত্র ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন এবং যারা আহত হয়ে আজও কষ্ট বহন করছেন, তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের অবদান কোনোভাবেই বিস্মৃত হওয়ার নয়।”

তিনি আরও বলেন, “জুলাইয়ের চেতনা শুধু স্মরণ করার বিষয় নয়, বরং তা বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশে যেন আর কখনো স্বৈরাচার, দমন-পীড়ন কিংবা ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। ন্যায়, ইনসাফ, জবাবদিহিতা ও জনগণের অধিকারভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে হবে।”

জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীর দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার নিশ্চিত করার জোর দাবি জানিয়ে নজরুল ইসলাম বলেন, বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটিয়ে শহীদদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠা এবং আইনের শাসন নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, একটি স্বপ্ন নিয়ে আমরা জুলাই যুদ্ধে অবতীর্ণ হয়েছিলাম। হাজার হাজার ভাইয়ের রক্ত দিয়ে আমরা সংগ্রাম করেছি। কোনোভাবেই যাতে স্বাধীনতার সূর্য নিভে না যায়, সে ব্যাপারে আমাদের সচেষ্ট থাকতে হবে। আওয়ামী ফ্যাসিস্টের পরিবর্তে নতুন কোনো ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে না উঠে, সে ব্যাপারেও সবাইকে হুশিয়ার থাকতে হবে। জুলাইয়ের বাংলাদেশ হিসেবে দেশকে টিকিয়ে রাখার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন