
নিউজগর্ডেন ডেস্ক: ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম আয়োজিত ৫দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল ২১ থেকে ২৫ ডিসেম্বর-২০২৬ চট্টগ্রাম প্যারেড ময়দানে অনুষ্ঠিত হবে। এবারের মাহফিলে প্রধান মোফাচ্ছির হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছিরে কুরআন ড. মাওলানা মিজানুর রহমান আযহারী।
মাহফিল বাস্তবায়নের লক্ষ্যে গঠিত এন্তেজামিয়া কমিটি ১ম সভা ও শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর স্মরণে দোয়া মাহফিল গতকাল ১৫ আগস্ট নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন পরিষদ এর প্রধান উপদেষ্টা বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ও ইসলামী চিন্তাবিদ মোহাম্মদ নজরুল ইসলাম।
প্রধান অথিতির বক্তব্যে জনাব নজরুল ইসলাম বলেন, চট্টগ্রামের ৫দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল এর প্রধান আকর্ষণ ছিলেন আন্তর্জাতিক মুফাচ্ছিরে কুরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ:)। তিনি বাংলাদেশ সহ আন্তর্জাতিক অঙ্গনে সারা জীবন পবিত্র কুরআনের তাফসীর মাহফিলের মাধ্যমে ধর্ম বর্ণ, দল মত নির্বিশেষে সর্বস্থরের জনতাকে ইসলাম তথা আল্লাহ ও রাসুল (সঃ) এর পথে আহ্বান করে গেছেন। কুরআন সুন্নার শাসন প্রতিষ্ঠার সংগ্রামে তিনি ছিলেন নিবেদিত প্রাণ। ১৪ আগস্ট ছিল তাঁর শাহাদাত বার্ষিকী। শাহাদাত বার্ষিকীর এদিনে আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে তাঁর জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। তিনি বলেন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিল হচ্ছে চট্টগ্রাম তথা বাংলাদেশের ইসলাম প্রিয় তৌহিদী জনতার প্রাণ প্রিয় বৃহৎ ইসলামী জলসা যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। তাফসীর মাহফিলের ঘোষনা করলেই এদেশের ইসলাম প্রিয় তৌহিদী জনতার মধ্যে একটি উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয় এবং পবিত্র কুরআনের সুমহান বাণী ও তাফসীর শুনার জন্য দেশবাসী উদগ্রীব ও দিনক্ষণ গণনা করতে থাকে। এবারের মাহফিল আরো বেশী উৎসাহ ব্যঞ্জক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম আয়োজিত আগামী ২১ থেকে ২৫ ডিসেম্বর-২০২৬ পর্যন্ত চট্টগ্রামের প্যারেড ময়দানে অনুষ্ঠিতব্য ৫দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলকে সফল করার লক্ষ্যে এখন থেকে প্রস্তুতি গ্রহন করার জন্য চট্টগ্রামবাসীর প্রতি আহ্বান জানান।
ইসলামী সমাজ কল্যাণ পরিষদ পরিষদ চট্টগ্রাম এর সহ সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার এর সঞ্চালনায় সভায় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন, পরিষদের উপদেষ্ঠা অধ্যাপক নুরুল আমিন,অধ্যাপক ড. আবু বকর রফিক,দৈনিক কর্ণফুলী সম্পাদক আলহাজ্ব আফসার উদ্দীন চৌধুরী,পরিষদের সেক্রেটারি এডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন,সাংবাদিক মোহাম্মদ উল্লাহ, সাবেক ছাত্র নেতা ফয়সাল মোহাম্মদ ইউনুস, অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডাঃ সিদ্দিকুর রহমান, মাহফিল ইস্টিয়ারিং কমিটির আহ্বায়ক সলীমুজ্জামান প্রমূখ।
সভা শেষে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ:) এর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা আমিরুজ্জামান।









