দুর্গাপূজা উদযাপনে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সর্বোচ্চ ব্যবস্থা: এমপি জহিরুল ইসলাম

নিউজগার্ডেন ডেস্ক: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজায় বিশৃঙ্খলা সৃষ্টি করলে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। সোমবার (১২ অক্টোবর) বিকেলে বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান৷ এমপি জহিরুল ইসলাম বলেন, ‘দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। সবাই স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে। আমরা সনাতনী ভাইদের পাশে সবসময় আছি। তাদের পাশে থাকাটা তাদের প্রতি দয়া কিংবা অনুগ্রহ নয়, আমাদের দায়িত্ব। বাঁশখালী সাম্প্রদায়িক সম্প্রীতির জনপদ। আমাদেরকে সেই সম্প্রীতির বন্ধন অটুট রাখতে হবে। পূজায় আনন্দের পাশাপাশি আপনাদেরকে সজাগও থাকতে হবে। বাড়িঘরে যাতে কেউ হানা দিতে না পারে সেব্যাপারে কড়া নজর রাখতে হবে। বর্তমান সরকার গঠিত হবার পর এবারই প্রথম দুর্গাপূজা উদযাপিত হবে। অন্তর্র্বতীকালীন সরকারের সময়ের মতো রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে আমরা শারদীয় দুর্গাপূজা সুন্দর ও সুশৃঙ্খলভাবে উদযাপন করবো।’

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামজীদুর রহমান তন্ময়, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক, সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ বদরুল হক, সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ আবু তাহের, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাইফুল আমিন, হেফাজতে ইসলামের উপজেলা সেক্রেটারী মহিউদ্দিন খান জসীম, বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি শেখর দত্ত, সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী মানিক প্রমুখ।

 

মন্তব্য করুন