সাতকানিয়া পৌর জামায়াতের আমির হামিদ উদ্দিন আযাদের প্রতিবাদলিপি

নিউজগার্ডেন ডেস্ক: সম্প্রতি ‘চট্টগ্রাম প্রতিদিন’ নামক একটি অনলাইন নিউজ পোর্টালে অবৈধভাবে মাটি কাটার বিষয়ে আমাকে জড়িয়ে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সংবাদে আমার নাম, ছবি এবং একটি কাটছাট (এডিট) করা অডিও কল রেকর্ড ব্যবহার করে যে ধরনের মনগড়া তথ্য উপস্থাপন করা হয়েছে—তার সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। মূলত আমার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার একটি গভীর চক্রান্তের অংশ হিসেবেই এই ভুয়া প্রতিবেদনটি প্রচার করা হচ্ছে।
আমি অত্যন্ত স্পষ্টভাবে দেশবাসীর অবগতির জন্য জানাতে চাই, অবৈধভাবে মাটি কাটা বা এ ধরনের কোনো অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে আমার কোনো প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সম্পর্ক নেই। সংবাদে যে অডিও কলের কথা উল্লেখ করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও খণ্ডিতভাবে (কাটছাট করে) উপস্থাপন করা হয়েছে। একইভাবে, এই ঘটনার সঙ্গে মোটেও জড়িত নন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া পৌরসভা ৯ নং ওয়ার্ডের যুব বিভাগের সভাপতি শাহারিয়া আহমদ ইমন। তিনি অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে তাঁর সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন। তাঁকে ও আমাকে জড়িয়ে সংবাদে যে তথ্য প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট।
আমি একটি বেসরকারি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছি। পাশাপাশি, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া পৌরসভার আমিরের দায়িত্ব পালন করছি। শিক্ষা বিস্তার ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে আমার আজীবন সম্পৃক্ততা রয়েছে। সমাজে আমার একটি পেশাগত পরিচয়, রাজনৈতিক ও সামাজিক অবস্থান এবং পারিবারিক মর্যাদা রয়েছে। কোনো ধরনের তথ্য যাচাই-বাছাই না করে এবং আমাদের কোনো বক্তব্য গ্রহণ না করে একপক্ষীয় ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা অত্যন্ত দুঃখজনক, অনভিপ্রেত এবং দায়িত্বহীন সাংবাদিকতার স্পষ্ট পরিচায়ক।
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজের দর্পণ হলেও, একটি কুচক্রী মহলের ইন্ধনে যাচাই-বাছাই ছাড়া এ ধরনের ভুয়া সংবাদ প্রকাশের মাধ্যমে আমার ও আমার সহকর্মীর সামাজিক, পেশাগত ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। এই মিথ্যা প্রতিবেদনের কারণে আমার পরিবার, রাজনৈতিক অঙ্গন ও শুভাকাঙ্ক্ষীদের মর্যাদাও ক্ষুণ্ন হয়েছে।
অতএব, ‘চট্টগ্রাম প্রতিদিন’ কর্তৃপক্ষের প্রতি আমার জোরালো দাবি—
১. প্রকাশিত সংবাদের অসত্য, বিভ্রান্তিকর তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত চক্রান্তমূলক প্রতিবেদন অবিলম্বে প্রত্যাহার ও সংশোধন করতে হবে।
২. সংবাদে ব্যবহৃত ছবি, নাম এবং কাটছাট করা অডিও কল রেকর্ড প্রচারের বিষয়ে যথাযথ ব্যাখ্যা দিতে হবে।
৩. আমাদের বক্তব্য গুরুত্বের সাথে বিবেচনা করে অতি দ্রুত একটি সংশোধনী ও প্রতিবাদলিপি প্রকাশ করতে হবে।
৪. ভবিষ্যতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে হলুদ সাংবাদিকতা পরিহার করে তথ্যের সত্যতা যাচাই ও সাংবাদিকতার নীতিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে।
আমি সর্বদা সত্য, ন্যায় ও ইনসাফের প্রতি শ্রদ্ধাশীল। আমার সম্মান, রাজনৈতিক অবস্থান ও পেশাগত মর্যাদা রক্ষার স্বার্থে এবং এই চক্রান্তের বিরুদ্ধে প্রয়োজনে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করতে আমি বাধ্য হব।
আমি সংশ্লিষ্ট সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, কোনো মহলের চক্রান্তে প্ররোচিত হয়ে কিংবা সত্যতা যাচাই না করে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ বা তথ্য প্রচার কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা থেকে বিরত থাকুন।

মন্তব্য করুন