
চট্টগ্রামের মিরসরাইয়ে সোহাগ এলিট পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় পুলিশের টহল ভ্যান দুর্ঘটনার শিকার হয়েছে। এতে ৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টা ১০ মিনিটে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার উত্তর সোনাপাহাড় এলাকায় চিনকী আস্তানা বাবুর তেলের দোকানের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ব-১২-০৩৫৮ নম্বরের সোহাগ এলিট পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে পুলিশের টহল ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে টহল ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ভ্যানে থাকা ৬ জন পুলিশ সদস্য আহত হন।
আহতদের মধ্যে ৪ জন মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। অপর ২ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসচালক পালিয়ে গেছেন। তাঁকে আটকের চেষ্টা এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।









