‘তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে কাজ করতে হবে’

নিউজগার্ডেন ডেস্ক: “টেকসই সভ্যতা: উন্নয়ন মডেল পুনর্বিবেচনা” – বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ এর এসডিজি লক্ষ্যকে সামনে রেখে ওডেব আজ তৃণমূল পর্যায়ে জেন্ডার, নেতৃত্ব ও জলবায়ু পরিবর্তন বিষয়ক অবহিতকরণ কার্যক্রম এগিয়ে নিল।

চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার বরমা ওডেব ওমেন্স সেন্টার মিলনায়তনে ওডেব’র প্রধান নির্বাহী কবি ও অধ্যাপক শ্যামলী মজুমদারের নির্দেশনায় ৫০ জন উপকারভোগী নারী সদস্যের উপস্থিতিতে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

জার্মান দাতা সংস্থা WWDP-GC এর আর্থিক সহযোগিতায় পরিচালিত প্রকল্প CAWRJ এর কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই সভায় ৫০ জন নারী নেত্রী অংশগ্রহণ করেন। আলোচনায় উঠে আসে যুব-নেতৃত্বাধীন পরিবেশগত উদ্ভাবন ও জলবায়ু-সচেতন উন্নয়নের বিকল্প মডেল।

সভায় যুবা নারী নেত্রীরা বলেন, “তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে আমাদের গ্রহকে সকলের জন্য বসবাস উপযোগী গড়ে তুলতে একযোগে কাজ করতে হবে। উন্নয়ন মানে শুধু ইট-পাথর নয়, উন্নয়ন মানে নারীর অধিকার, ন্যায়বিচার ও বাস্তুতন্ত্র রক্ষা।”

অনুষ্ঠানে সংগীত, দলগত উপস্থাপনা এবং “জেন্ডার, নারী অধিকার ও নারীর জন্য ন্যায় বিচার” বিষয়ে আলোচনা সম্পন্ন হয়। নারী-নেতৃত্বের মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ ও পানি-ভূমি পুনরুদ্ধারে কমিউনিটির ভূমিকা তুলে ধরা হয় – যা এসডিজি ইয়ুথ ফোরামের সংলাপের মূল লক্ষ্যের সাথে সরাসরি সংযুক্ত।

এতে সহায়ক ছিলেন প্রকল্প CAWRJ এর পিএমটিও সজল দে, বন্দনা বড়ুয়া, ইতি সর্ববিদ্যা ও রুপন দাশ গুপ্ত।

ওডেব বিশ্বাস করে, টেকসই সভ্যতা গড়তে হলে উন্নয়ন মডেল পুনর্বিবেচনা করে নারী ও যুব সমাজকে মূল স্রোতে আনতে হবে। আজকের এই আয়োজন সেই দূরদর্শী ধারণা ও বাস্তবসম্মত কর্মপন্থা তৈরির একটি ছোট পদক্ষেপ।

 

মন্তব্য করুন