ব্যবসায়ীদের যৌক্তিক দাবী আদায়ে পাশে থাকবে চিটাগাং চেম্বারঃ সিনিয়র সহ-সভাপতি

নিউজগার্ডেন ডেস্ক: ব্যবসায়ীদের যেকোন যৌক্তিক দাবীতে চিটাগাং চেম্বার পাশে থাকবে বলে মন্তব্য করেছেন চেম্বার সিনিয়র সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেন চৌধুরী। ২২ জুলাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন ওনার্স এসোসিয়েশন’র চট্টগ্রাম জোনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত মন্তব্য করেন। তিনি বলেন-দেশকে বায়ু দূষণ থেকে মুক্ত করতে বিএনপি সরকার ২০০১ থেকে ২০০৬ মেয়াদে গাড়ির কালো ধোঁয়া রোধে সিএনজি ফিলিং স্টেশন চালু করেছিল। চালুর পর থেকে দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে কাজ করছে সিএনজি ফিলিং স্টেশনগুলো। কিন্তু, দীর্ঘদিন ধরে ফিলিং স্টেশনগুলোতে গ্যাস, বিদ্যুৎ এবং ক্যাপটিভ পাওয়ারের দাম দফায় দফায় বাড়লেও সেই অনুযায়ী কমিশন সমন্বয় করা হয়নি। তাই সিএনজি ফিলিং স্টেশন মালিকদেরকে কোন ধরণের ধর্মঘটে না গিয়ে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহবান জানান তিনি। এছাড়া চেম্বার সিনিয়র সহ-সভাপতি সমস্যা সমাধানে চেম্বারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ^াস প্রদান করেন।

চেম্বার সহ-সভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন বলেন-আন্দোলন কোন সমস্যার সমাধান নয়। দীর্ঘদিন পর দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ক্ষমতা এসেছে। নতুন সরকারকে সময় দিতে হবে। তাই আলাপ-আলোচনার মাধ্যমে উদ্ভূত সমস্যা সমাধান করার জন্য সকল পক্ষকে একযোগে কাজ করার আহবান জানান তিনি।

সিএনজি ফিলিং স্টেশন ওনার্স এসোসিয়েশন’র চট্টগ্রাম জোনের নেতৃবৃন্দ বলেন-ধারাবাহিকভাবে গ্যাস, বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং উচ্চ মূল্যস্ফীতির বাজারে দীর্ঘ এক দশক ধরে সিএনজি গ্যাস বিক্রয়ের উপর মার্জিন বা কমিশন না বাড়ানোর কারণে সংকটে পড়েছে সিএনজি ফিলিং স্টেশনের মালিকরা। এজন্য সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের যৌক্তিক দাবী তুলে ধরেন। কিন্তু কোথায়ও সমাধান না পাওয়ায় তাদের যৌক্তিক দাবী আদায়ে চেম্বারের সহযোগিতা কামনা করেন। সভায় অন্যান্যদের মধ্যে চেম্বার পরিচালক মোঃ জাহিদুল হাসান, এ. এস. এম. ইসমাইল খান ও শহীদুল আলম, সাবেক পরিচালক আব্দুল মান্নান রানা, এসোসিয়েশনের চট্টগ্রাম জোনের সভাপতি মোঃ রাশেদ উদ-দৌল্লাখান, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সেলিম, সহ-সভাপতি এডভোকেট ফরিদুল আলম ও নূর-এ-এলাহী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম ও কার্যকরী সদস্য আনোয়ার আফরোজ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন