শহীদদের স্মরণে জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন আমাদের দায়িত্ব: নজরুল ইসলাম

নিউজগার্ডেন ডেস্ক: ঐতিহাসিক জুলাই’২৪ গণঅভ্যুত্থানের স্মরণে এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, খুলশী থানা কর্তৃক চট্টগ্রাম নগরের সেগুন বাগান ইসলামী পাঠাগারে একটি ফ্রি সুন্নাতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) আয়োজিত এ সেবামূলক কর্মসূচির উদ্বোধন করেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ফয়সাল আহম্মদ শান্তর পিতা মো. জাকির হোসেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। তাদের স্মরণে জনসেবামূলক এমন উদ্যোগ সমাজে মানবিকতা ও দায়িত্ববোধ জাগ্রত করবে। নতুন প্রজন্মকে শহীদদের আদর্শ ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর নজরুল ইসলাম। তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান শুধু একটি আন্দোলনের স্মৃতি নয়, এটি মানুষের অধিকার ও ন্যায়ের সংগ্রামের প্রতীক। শহীদদের স্মরণে জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব।”

খুলশী থানা জামায়াতের আমীর অধ্যাপক আলমগীর ভূঁইয়ার সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি আমান উল্লাহ আমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী শামসুজ্জামান হেলালী।

বিশেষ অতিথির বক্তব্যে শামসুজ্জামান হেলালী বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকেই এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও চিকিৎসা, শিক্ষা ও মানবকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলশী থানা জামায়াতের সাংগঠনিক সম্পাদক একরামুল হক, ১৩ নম্বর ওয়ার্ড আমির মাওলানা মুহাম্মদ ওমর ফারুক, ১৪ নম্বর ওয়ার্ড আমির মাওলানা মুহাম্মদ আবু রাশেদ, ১৪ নম্বর ওয়ার্ডের লালখান বাজার এলাকার কাউন্সিলর পদপ্রার্থী কামরুল হুদা, থানা কর্মপরিষদ সদস্য ও সমাজসেবা সম্পাদক দেলোয়ার হোসেন, কে এম জাবেদ, মাস্টার জাহাঙ্গীর আলম, এরশাদ খান, মোমিনুল ইসলামসহ থানা ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং অসহায় ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এই ফ্রি সুন্নাতে খৎনা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও মানবসেবামূলক বিভিন্ন কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

মন্তব্য করুন