
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আলহাজ ডা. শাহাদাত হোসেন বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর মহব্বতের কারণেই আমরা এখানে সমবেত হয়েছি। মহান রাব্বুল আলামিনের রহমতে এখানে আসার সুযোগ হয়েছে। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টায় চর-চাকতাই ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চর-চাকতাই ঈদে এ-মিলাদুন্নবী (সা.) মাহফিল এজতেমায়া কমিটির উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মেয়র শাহাদাত হোসেন বলেন, আল্লাহ তায়ালা যুগে যুগে অনেক নবী-রাসুল প্রেরণ করেছেন। নবী ও রাসুলের মধ্যে পার্থক্য রয়েছে। সব নবীকে রাসুল বলা যায় না, তবে সব রাসুলই নবী। রাসুলগণ আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে মানুষের কাছে ধর্মের দাওয়াত পৌঁছে দিয়েছেন।
তিনি বলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) নবী ও রাসুল। তাঁর ওপর পবিত্র কোরআন নাজিল হয়েছে। কোরআনের শিক্ষা অনুসরণ করে জীবন পরিচালনা করতে হবে।
মাদক, ইয়াবা, সন্ত্রাস ও সুদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে মেয়র বলেন, এসব কর্মকাণ্ড আল্লাহ নিষেধ করেছেন। তাই যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সৎকাজের আদেশ দেওয়া এবং অসৎকাজে নিষেধ করা ইমানি দায়িত্ব। এ নির্দেশনা পবিত্র কোরআনে রয়েছে।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ আবু সুফিয়ান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর। সভাপতিত্ব করেন ১৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ বাকলিয়া বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হাজী নওয়াব খান। সঞ্চালনা করেন মোহাম্মদ ইউছুফ মাস্টার।
এতে প্রধান ওয়ায়েজ হিসেবে বক্তব্য দেন হযরতুল আলহাজ মাওলানা ছৈয়দ মোহাম্মদ মোকাররম বারী। প্রধান বক্তা ছিলেন হযরতুল আলহাজ মুফতি মাওলানা মোহাম্মদ মুফতার আহমদ (বড়ভী)। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন হযরতুল আলহাজ মাওলানা মোহাম্মদ হাসানুল হক আল-কাদেরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাঈনুদ্দীন চৌধুরী পারভেজ, ইয়াকুব খান, ওমর ফারুক, মো. ইউনুস, আবদুল বারেক, বেলাল, সুমন, নুরুদ্দীন খান, আজম, জাগির মাঝি, আবদুস সুবহান, জামাল, সাকিব, কাদের, বেলাল মিয়াজি, সোহাগ, কবির হোসেন, হৃদয় খান, রোবেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।









