শ্রমশক্তির দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে আইএলওর সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় চট্টগ্রাম চেম্বার

নিউজগার্ডেন ডেস্ক: দেশের শ্রমশক্তির দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পখাতের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল গড়ে তুলতে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)। এ লক্ষ্যে শিল্পপ্রতিষ্ঠান ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন, কর্মভিত্তিক প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সহায়তা সেবা চালুর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় আইএলওর প্রতিনিধিদলের সঙ্গে চট্টগ্রাম চেম্বার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় এসব বিষয় উঠে আসে।

সভায় চট্টগ্রাম চেম্বার সভাপতি আমিরুল হক বলেন, দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থায় পরিবর্তন এনে শিল্পের বাস্তব চাহিদাভিত্তিক কারিগরি ও ব্যবহারিক শিক্ষার প্রসার ঘটাতে হবে। প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী বিভিন্ন সাধারণ ডিগ্রি অর্জন করলেও শিল্পপ্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় দক্ষতাসম্পন্ন কর্মী পাচ্ছে না। অন্যদিকে শিক্ষিত তরুণ-তরুণীরাও উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। শিক্ষা ও শিল্পের চাহিদার মধ্যে এ ব্যবধান দূর করা জরুরি।

তিনি বলেন, কানাডাসহ উন্নত দেশগুলোর আদলে স্বল্পমেয়াদি পেশাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে প্লাম্বিং, পেইন্টিং, কাটিং, সেলাই, গ্যাস সংযোগসহ বিভিন্ন কারিগরি বিষয়ে দক্ষ জনবল তৈরি করতে হবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) আধুনিক প্রযুক্তির প্রভাব বিবেচনায় নিয়ে শিক্ষাক্রম ও প্রশিক্ষণ পদ্ধতিকে যুগোপযোগী করতে হবে।
শিল্পখাতের প্রয়োজনীয়তা বিবেচনায় দ্রুত সুপারিশমালা প্রণয়ন করে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও নীতিনির্ধারকদের কাছে উপস্থাপনের জন্য আইএলওর প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে সরকারের ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ বাস্তবায়নে বেসরকারি খাতের প্রতিনিধি হিসেবে চট্টগ্রাম চেম্বার সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত বলেও জানান আমিরুল হক।
সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে আইএলওর বাংলাদেশস্থ কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন বলেন, আইএলও বাংলাদেশ সরকার, শ্রমিক ও মালিক—সবার স্বার্থ ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কাজ করছে। অধিক ও মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি এবং কর্মক্ষেত্রের পরিবেশ উন্নত করাই সংস্থাটির মূল লক্ষ্য।
তিনি বলেন, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সংযোগ স্থাপন, কর্মভিত্তিক শিক্ষার মাধ্যমে তরুণদের বাস্তব অভিজ্ঞতা অর্জন, দক্ষতা উন্নয়ন এবং শিল্পের চাহিদা অনুযায়ী জনবল তৈরিতে আইএলও কাজ করছে। পাশাপাশি উৎপাদনশীলতা বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। আগামী দিনের বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পের অগ্রযাত্রায় বেসরকারি খাতের অগ্রাধিকার ও প্রত্যাশা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ম্যাক্স টুনন আরও বলেন, দেশের বিপুলসংখ্যক শিক্ষিত ও অদক্ষ তরুণ-তরুণী কর্মসংস্থানের সুযোগ না পেলেও শিল্পপ্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় দক্ষতাসম্পন্ন কর্মী খুঁজে পেতে সমস্যার সম্মুখীন হচ্ছে। এ ব্যবধান দূর করতে আইএলও চট্টগ্রামে কর্মসংস্থান সহায়তা সেবা চালুর উদ্যোগ নিয়েছে।
এ সেবার আওতায় চাকরির তথ্য বিনিময়, চাকরিপ্রার্থী ও নিয়োগকর্তার মধ্যে সমন্বয়, ক্যারিয়ার পরামর্শ, ইন্টার্নশিপ ও কর্মক্ষেত্রভিত্তিক প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি এবং শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপন করা হবে। চট্টগ্রামে এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে তা দেশের অন্যান্য অঞ্চলেও সম্প্রসারণ করা সম্ভব হবে। এ জন্য চট্টগ্রাম চেম্বার ও এর সদস্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাস্তবভিত্তিক ও কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণে আইএলও আগ্রহী।
সভায় আইএলওর পক্ষ থেকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামের বিভিন্ন দিক নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সংস্থাটির ন্যাশনাল প্রোগ্রাম অফিসার মোহাম্মদ ওয়াসফি তামিম।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী, পরিচালক শহীদুল আলম, বিজিএমইএর পরিচালক এনামুল আজিজ চৌধুরী ও মো. সাইফুল্লাহ, আইএলওর চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার পিটার বেলেন, হেড অব প্রোগ্রাম গুঞ্জন দাল্লাকোটি, সিনিয়র প্রোগ্রাম অফিসার তানজেল আহসান, বিজিএমইএর চিফ কো-অর্ডিনেটর (আইএলও অ্যান্ড লেবার অ্যাফেয়ার্স) এ এন এম সাইফুদ্দিন এবং রিটজি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা মো. জামশেদ আলী।

মন্তব্য করুন