নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের অপচেষ্টা বরদাশত করা হবে না: ইঞ্জিনিয়ার জমির উদ্দিন

নিউজগর্ডেন ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের চোরাগোপ্তা হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রাম নগরীর ষোলশহর ২ নং গেট মোড়ে পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শফিউল আলম শফি এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ নুরুল কবির পলাশ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, “কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের চোরাগোপ্তা হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে, ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে কোনো রাজনৈতিক অপশক্তি তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারবে না। দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকতে হবে।”

তিনি বলেন, “স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সজাগ ও সতর্ক অবস্থানে থাকতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জনজীবন বিপর্যস্ত করতে না পারে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে জনগণের আস্থা অর্জনে কাজ করতে হবে। কোনো ধরনের উসকানি বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে রাজনৈতিক সচেতনতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।”

ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, “চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল সাংগঠনিকভাবে সুসংগঠিত। নগরীর ১৫টি থানা ও ৪৭টি ওয়ার্ডের নেতাকর্মীদের জনগণের পাশে থেকে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি, জনসম্পৃক্ততা ও সাংগঠনিক ঐক্যের মাধ্যমে সকল অপচেষ্টা প্রতিহত করতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মী অঙ্গীকারবদ্ধ।”

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহসিন কবির আপেল, কামরুল হাসান, সদস্য আব্দুল মান্নান, জাফর হোসেন রনি, ইব্রাহিম খলিল, খোরশেদ আলম টিটু, জাবেদ শাফায়াত সোবহান, বায়োজিদ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ আলতাফ হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ পারভেজ।

প্রতিবাদ মিছিল ও সমাবেশে পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ চট্টগ্রাম মহানগর, বিভিন্ন থানা ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন