
সিডিএর ১৭ শর্তে বিপাকে ক্ষুদ্র ব্যবসায়ীরা, সাধারণ দোকানের জন্য ৫ লাখ টাকা অগ্রিম পে-অর্ডার
নিউজগর্ডেন ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরবর্তী ব্রিজঘাট এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) উদ্যোগে নির্মাণাধীন ‘চউক রিভারভিউ শপিংজোনে’ দোকান বরাদ্দের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। দীর্ঘদিন ধরে ওই এলাকায় ব্যবসা করে আসা ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের লক্ষ্যে নেওয়া এ উদ্যোগকে স্বাগত জানালেও বরাদ্দের জন্য নির্ধারিত ১৭টি শর্ত নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে পুরোনো ব্যবসায়ীদের মধ্যে।
বিশেষ করে সাধারণ দোকানের জন্য আবেদনের সঙ্গে ৫ লাখ টাকা, ফুড কোর্টের জন্য ৮ লাখ এবং রেস্টুরেন্টের জন্য ২০ লাখ টাকার অগ্রিম পে-অর্ডার জমা দেওয়ার বাধ্যবাধকতা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। তাঁদের আশঙ্কা, দীর্ঘ ২৫ থেকে ৩৫ বছর ধরে ব্রিজঘাট এলাকায় ব্যবসা করেও আর্থিক সক্ষমতার অভাবে নতুন মার্কেটে দোকান বরাদ্দ পাওয়ার প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারেন তাঁরা।
সিডিএর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দোকান বরাদ্দের আবেদন ফরমের মূল্য ৫ হাজার টাকা, যা অফেরতযোগ্য। পূবালী ব্যাংকের সিডিএ করপোরেট শাখা থেকে ফরম সংগ্রহ করা যাবে। পাশাপাশি সিডিএর ওয়েবসাইট থেকেও ফরম ডাউনলোড করে আবেদন জমা দেওয়ার সুযোগ রয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩১ ডিসেম্বর ২০২৬, বিকেল ৩টা।
১৭ শর্তে আর্থিক চাপ
আবেদন ফরমের ‘খ’ অংশে যুক্ত ১৭টি শর্তের মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হলো অগ্রিম পে-অর্ডারের পরিমাণ। শর্ত অনুযায়ী, সাধারণ দোকানের জন্য ৫ লাখ, ফুড কোর্টের দোকানের জন্য ৮ লাখ এবং রেস্টুরেন্টের জন্য ২০ লাখ টাকা অগ্রিম পে-অর্ডার জমা দিতে হবে। পে-অর্ডারের ফটোকপি কিংবা ব্যাংক গ্যারান্টি গ্রহণযোগ্য হবে না।
ভাড়ার ক্ষেত্রেও নির্দিষ্ট কাঠামো রাখা হয়েছে। সাধারণ দোকান ও ফুড কোর্টের মাসিক ভাড়া ৫ হাজার টাকা এবং রেস্টুরেন্টের মাসিক ভাড়া ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে এক বছরের অগ্রিম ভাড়া সাধারণ দোকান ও ফুড কোর্টের জন্য ৬০ হাজার টাকা এবং রেস্টুরেন্টের জন্য ২ লাখ ৪০ হাজার টাকা জমা দিতে হবে। এসব অর্থ জমা দেওয়ার পর চূড়ান্ত বরাদ্দপত্র দেওয়া ও দোকানের দখল হস্তান্তর করা হবে।
শর্ত অনুযায়ী, প্রাথমিকভাবে এক বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে দোকান বরাদ্দ দেওয়া হবে। বরাদ্দপ্রাপ্ত ব্যক্তি শর্ত ভঙ্গ না করলে প্রতিবছর চুক্তি নবায়নের সুযোগ থাকবে। দোকান বরাদ্দ পাওয়ার ৯০ দিনের মধ্যে নির্ধারিত ব্যবসা শুরু করতে হবে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দোকান অন্যের কাছে হস্তান্তর, সাবলেট বা উপভাড়া দেওয়া যাবে না।
এ ছাড়া আবেদনকারীদের ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামা, জাতীয়তা সনদ, জাতীয় পরিচয়পত্র ও সত্যায়িত ছবি জমা দিতে হবে। প্রতি তিন বছর পর নির্ধারিত ভাড়া ৫ শতাংশ হারে বাড়ানোর শর্তও রয়েছে।
দোকানের আয়তন ও জামানত নিয়ে প্রশ্ন
ব্যবসায়ীদের আপত্তি শুধু ফরমের মূল্য কিংবা অগ্রিম অর্থের পরিমাণ নিয়ে নয়; বরং দোকান বরাদ্দের কাঠামো নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। তাঁদের মতে, দোকানের আয়তন, অবস্থান ও শ্রেণিভেদে জামানত এবং ভাড়ার পৃথক কাঠামো কী হবে, তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা প্রয়োজন।
তাঁদের প্রশ্ন, ছোট ও বড় দোকানের জন্য একই ধরনের আর্থিক শর্ত প্রযোজ্য হবে কি না, দোকানের আয়তন অনুযায়ী জামানতের পরিমাণ নির্ধারণ করা হয়েছে কি না এবং বরাদ্দের ক্ষেত্রে দীর্ঘদিনের ব্যবসায়ীদের জন্য কোনো বিশেষ অগ্রাধিকার থাকবে কি না।
ব্যবসায়ীদের ভাষ্য, ব্রিজঘাট এলাকায় দীর্ঘদিন ধরে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী অস্থায়ী ও সীমিত পুঁজিতে ব্যবসা পরিচালনা করছেন। তাঁদের অনেকেরই স্থায়ী দোকান বা বড় অঙ্কের সঞ্চয় নেই। ফলে ৫ হাজার টাকার ফরম কেনা, আবেদনের সঙ্গে ৫ লাখ টাকা পে-অর্ডার এবং পরবর্তী সময়ে এক বছরের ভাড়া জমা দেওয়ার সক্ষমতা সবার নেই। এতে প্রকৃত ক্ষুদ্র ব্যবসায়ীদের বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
প্রকৃত ব্যবসায়ীদের অগ্রাধিকার দাবি
চরপাথরঘাটা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেতা আলহাজ্ব এম মঈন উদ্দিন বলেন, ব্রিজঘাটের ভাসমান ব্যবসায়ীদের জন্য সিডিএ একটি স্থায়ী মার্কেট নির্মাণের উদ্যোগ নিয়েছে। এটি নিঃসন্দেহে ভালো উদ্যোগ। তবে বাজারের প্রকৃত ব্যবসায়ী ও ক্ষুদ্র দোকানিরা যেন দোকান বরাদ্দ পান, সে জন্য জামানত ও ভাড়া সর্বনিম্ন পর্যায়ে রাখার জন্য তিনি বারবার সিডিএর প্রতি অনুরোধ জানিয়েছেন।
তিনি বলেন, বর্তমান শর্ত বহাল থাকলে সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন। প্রয়োজনে সিডিএ চেয়ারম্যান যেকোনো দিন ব্রিজঘাট বাজার পরিদর্শন করতে পারেন। সেখানে বর্তমানে কী ধরনের ব্যবসায়ী রয়েছেন এবং তাঁদের আর্থিক সামর্থ্য কেমন, তা সরেজমিনে দেখলে বাস্তবতা বিবেচনায় শর্ত পুনর্বিবেচনা করা সহজ হবে।
বাজার সমিতির নেতারাও প্রকৃত ও দীর্ঘদিনের ব্যবসায়ীদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন।
পুরোনো ব্রিজঘাট ক্ষুদ্র ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাহেদুর রহমান জাহেদ বলেন, দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা প্রকৃত ব্যবসায়ীদের তালিকা তৈরি করে তাঁদের অগ্রাধিকার দিতে হবে। বহিরাগতদের বাদ দিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় দোকান বরাদ্দের ব্যবস্থা করা প্রয়োজন।
ব্রিজঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. সাহাব উদ্দিন বলেন, সব সমিতির তালিকা যাচাই করে প্রকৃত ব্যবসায়ীদের দোকান বরাদ্দ দিতে হবে। মার্কেট নির্মাণের আগে ব্যবসায়ীদের পাশের খালি মাঠে অস্থায়ীভাবে স্থানান্তরের ব্যবস্থাও করা প্রয়োজন। এ বিষয়ে তাঁরা একাধিকবার সিডিএর সঙ্গে যোগাযোগ করেছেন।
অধিগ্রহণ করা জমিতে মার্কেট নির্মাণ নিয়েও প্রশ্ন
দোকান বরাদ্দের প্রক্রিয়ার পাশাপাশি মার্কেট নির্মাণের জন্য ব্যবহৃত জমির মালিকানা ও অধিগ্রহণের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠেছে।
সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ব্রিজঘাট থেকে ডিসি রোড পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় চরপাথরঘাটা মৌজার কিছু জমি অধিগ্রহণ করা হয়েছিল। এলএ মামলা নম্বর ১২/৬৭-৬৮ ও ১৫৪/৬৭-৬৮-এর ভিত্তিতে আরএস ৩৩৫ ও ৩৫৩ দাগের অন্তর্ভুক্ত বিএস ৩ নম্বর খতিয়ানের বিএস দাগ নম্বর ৬৬ ও ৮৪-এর জমি অধিগ্রহণ করে সিডিএ।
সংশ্লিষ্ট জমির মালিকদের দাবি, সড়ক নির্মাণের পর অবশিষ্ট জমি ভবিষ্যতে সড়ক সম্প্রসারণের জন্য সংরক্ষিত রাখার কথা ছিল। কিন্তু এখন ওই জমিতে মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের প্রশ্ন, সড়ক সম্প্রসারণের উদ্দেশ্যে অধিগ্রহণ করা জমি যদি ওই কাজে ব্যবহার না করা হয়, তাহলে অবশিষ্ট জমির বিষয়ে আইন ও অধিগ্রহণের শর্ত অনুযায়ী কী ব্যবস্থা নেওয়া হবে, তা স্পষ্ট করা প্রয়োজন।
জমির মালিকদের কেউ কেউ মনে করছেন, অধিগ্রহণের মূল উদ্দেশ্য পরিবর্তন করে সেখানে মার্কেট নির্মাণের আগে জমির বর্তমান মালিকানা, ব্যবহার ও আইনি অবস্থান সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া জরুরি।
সিডিএর বক্তব্য
এ বিষয়ে প্রকল্প পরিচালক (পিডি) মো. হাসান বলেন, কর্ণফুলী নদীর বাম তীরে চরপাথরঘাটা মৌজায় সিডিএর মালিকানাধীন জমিতে ‘রিভারভিউ শপিংজোন’ নির্মাণের জন্য দোকান বরাদ্দের আবেদন ফরম বিক্রির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতোমধ্যে ফরম বিক্রিও শুরু হয়েছে। নির্মাণকাজ শেষ হলে দোকান বরাদ্দ দেওয়া হবে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, ব্রিজঘাট এলাকায় প্রস্তাবিত মার্কেট নির্মাণ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ ও দীর্ঘদিনের ব্যবসায়িক কার্যক্রম অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
পুরোনো ব্যবসায়ীদের পুনর্বাসন কতটা নিশ্চিত?
সব মিলিয়ে ব্রিজঘাটের রিভারভিউ শপিংজোন ঘিরে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। প্রথমত, দোকান বরাদ্দের ১৭টি শর্তে ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সক্ষমতা কতটা বিবেচনায় নেওয়া হয়েছে। দ্বিতীয়ত, দোকানের আয়তন ও শ্রেণিভেদে জামানত ও ভাড়ার কাঠামো কতটা স্বচ্ছ। তৃতীয়ত, সড়কের জন্য অধিগ্রহণ করা জমিতে মার্কেট নির্মাণের ক্ষেত্রে জমির ব্যবহার ও আইনি অবস্থান কী।
দীর্ঘদিনের ব্যবসায়ীদের পুনর্বাসনের উদ্দেশ্যে নেওয়া এ প্রকল্পে প্রকৃত ব্যবসায়ীরা অগ্রাধিকার পাবেন কি না, তা এখনো স্পষ্ট নয়। তাই বরাদ্দ প্রক্রিয়া চূড়ান্ত করার আগে শর্তগুলো পুনর্বিবেচনা, প্রকৃত ব্যবসায়ীদের তালিকা যাচাই এবং জমির ব্যবহারসংক্রান্ত প্রশ্নের ব্যাখ্যা দেওয়ার দাবি উঠেছে। শেষ পর্যন্ত রিভারভিউ শপিংজোনে পুরোনো ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কতটা জায়গা নিশ্চিত হয়, সেটিই এখন দেখার বিষয়।








